প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যস্ত জীবনে কাজ, পড়াশোনা, পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করতে গিয়ে অনেকেই নিজেদের জন্য আলাদা সময় খুঁজে পান না। দিনের অধিকাংশ সময় অন্যদের সঙ্গে যোগাযোগ অথবা বিভিন্ন দায়িত্ব পালনের মধ্যে চলে যায়। তবে, নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টি নিজের পছন্দের কাজ করা, নিরিবিলি বসে থাকা অথবা প্রিয় বই পড়ার মাধ্যমে অর্জন করা যেতে পারে।
এই সময়টিকে ‘মি টাইম’ বলা হয়। এর অর্থ একা থাকা বা সবার কাছ থেকে দূরে সরে যাওয়া নয়; বরং নিজের অনুভূতি, পছন্দ এবং প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে সাময়িক বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ তৈরি করা।
মানসিক চাপ কমাতে সাহায্য করে
প্রতিদিনের কাজ এবং দায়িত্বের কারণে মানসিক ক্লান্তি সৃষ্টি হতে পারে। এই সময়টুকু নিজের মতো কাটানো, মনকে বিশ্রাম দেওয়ার সুযোগ দেয়। পছন্দের গান শোনা, হাঁটতে যাওয়া অথবা চুপচাপ বসে থাকার মতো ছোট অভ্যাসগুলো দৈনন্দিন চাপ সামলাতে সাহায্য করে।
নিজেকে বুঝতে শেখায়
অন্যদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় নিজের ইচ্ছা এবং অনুভূতির দিকে খেয়াল রাখা হয় না। একা সময় কাটালে নিজের ভাবনা, পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার সুযোগ মেলে। এতে নিজের প্রয়োজন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা গড়ে ওঠে।
সৃজনশীলতা বাড়ায়
সব সময় ব্যস্ত থাকা কিংবা একের পর এক কাজের মধ্যে ডুবে থাকলে নতুন কিছু ভাবার সুযোগ কমে যায়। নিজের জন্য কিছুটা সময় রাখলে নতুন ধারণা তৈরি হতে পারে। ছবি আঁকা, লেখা, রান্না, বাগান করা অথবা নতুন কোনো শখের চর্চা সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে।
নিজের সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অন্যের মতামতের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের পছন্দ এবং প্রয়োজন বুঝতে শেখা জরুরি। নিজের সঙ্গে সময় কাটালে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়। এতে নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা বাড়তে পারে।
সম্পর্কের জন্যও প্রয়োজন
নিজের জন্য সময় রাখা মানে প্রিয়জনদের অবহেলা করা নয়। বরং নিজের প্রয়োজন বুঝে বিশ্রাম নেওয়া এবং মানসিকভাবে সতেজ থাকার সুযোগ তৈরি করা। এতে অন্যদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রেও ইতিবাচক মনোভাব বজায় রাখা সহজ হয়।
কিভাবে বের করবেন নিজের জন্য সময়?
প্রতিদিন খুব বেশি সময় আলাদা করে রাখার প্রয়োজন নেই। দিনের শুরুতে বা শেষে ১৫ থেকে ৩০ মিনিট নিজের পছন্দের কাজে ব্যয় করা যেতে পারে। এই সময় ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকুন। বই পড়া, গান শোনা, হাঁটতে যাওয়া, ডায়েরি লেখা অথবা পছন্দের খাবার তৈরি—যে কাজগুলোতে স্বস্তি পান, সেগুলোই বেছে নিন।
মনে রাখতে হবে, সবার জন্য ‘মি টাইম’-এর ধরন এক নয়। কেউ একা ঘুরতে ভালোবাসেন, কেউ বই পড়তে, আবার কেউ ঘরে বসে সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজের পছন্দ অনুযায়ী সময় কাটানোই এর মূল উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন