প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। অসুস্থ হলে চরের মানুষ মোবাইলে কল করলেই অ্যাম্বুলেন্সটি পৌঁছে যাবে এবং রোগীকে হাসপাতালে যাওয়ার ঘাটে নিয়ে আসবে। এর ফলে রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারবেন স্বজনরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ নিজস্ব অর্থায়নে তৈরি এই নৌ-অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। তিনি এসময় নৌ-অ্যাম্বুলেন্সটি সচল রাখার প্রতিশ্রুতি দেন।
সরেজমিনে দেখা যায়, ঘাটে বাঁধা রয়েছে একটি বিশেষ রঙিন নৌকা। এই নৌকার ভেতরে রোগীর শোয়া এবং অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি স্বজনদের বসার জন্যও ব্যবস্থা রয়েছে। রোগী পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি হওয়ায় এর নাম রাখা হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে ২০টির বেশি চর রয়েছে। এসব চরে গর্ভবতী নারীসহ অসুস্থ হলে নদীপথে হাসপাতালে নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় স্বজনদের। দ্রুত হাসপাতালে নিতে না পারার কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। চরবাসীর এই দুর্দশার কথা চিন্তা করে নৌ-অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে। এখন থেকে চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে মোবাইলে কল করলেই দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসবে; গুরুতর রোগী থাকলে চিকিৎসকও অ্যাম্বুলেন্সে আসবেন। নৌ-অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হওয়ায় চরাঞ্চলের মানুষ আনন্দিত।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬ নদ-নদী বেষ্টিত সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মধ্যে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরসহ পাশের চরের মানুষের চিকিৎসাসেবায় নৌ-অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হবে।
যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা ছিল না। ভাড়া নৌকায় সময় ও অর্থ দুটোই ব্যয় হত। এখন থেকে তেল খরচ আর চালকের খরচ দিয়ে আমরা দ্রুত রোগীদের হাসপাতালে নিতে পারব। এই নৌ-অ্যাম্বুলেন্সটি চালু রাখতে সংসদ সদস্য যেন ব্যবস্থা করেন।’
যাত্রাপুরের মাঝিয়ালীর চরের বাসিন্দা মদিন আলী বলেন, ‘যাত্রাপুর ঘাট থেকে মাঝিয়ালীর চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ঘাট থেকে এই চরে নৌকায় আসতে প্রায় ঘণ্টা খানেক সময় লাগে। ঘাটের নৌকার তুলনায় নৌ-অ্যাম্বুলেন্সটি দ্রুত চলে আসবে। আমরা যেকোনো গুরুতর অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নিতে পারব। এটি চালু থাকলে আমরা উপকৃত হব।’
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘চরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্সটি তৈরি করার উদ্যোগ নিয়েছি। এটির উদ্বোধন হলো।’ তিনি জানান, নিজের তত্ত্বাবধানে কমিটির মাধ্যমে নৌ-অ্যাম্বুলেন্সটি পরিচালিত হবে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে রোগীর স্বজনদের গুনতে হবে শুধু তেল খরচ ও চালকের মজুরি। নৌ-অ্যাম্বুলেন্সটির সেবা ভবিষ্যতে যেন বন্ধ না হয়, সে ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন