প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেল এবং একটি কাঠের বেঞ্চের অংশ পুড়ে গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে, উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল মোতালেব (৫০) রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে গিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি ব্যাংকের ভেতরে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের গন্ধ পান। এই সময় তিনি দেখতে পান ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের মোটরসাইকেলের পেছনের অংশ এবং গেটের পাশে থাকা কাঠের বেঞ্চের কিছু অংশ পুড়ে গেছে।
মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের যশলং শাখার কর্মকর্তা মিজানুর রহমানের বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছে।
টংগিবাড়ী দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, রাতে কে বা কারা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন