প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. নাহরিন ইসলাম খান আশা প্রকাশ করেছেন যে, তথ্য কমিশন শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে। তিনি উল্লেখ করেন, “গণ তান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে এই কমিশনকে নিরপেক্ষ রাখার চূড়ান্ত দায়িত্ব এ দেশের সচেতন জনগণ ও তরুণ প্রজন্মের।”
রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘তথ্য মেলা ও আলোচনা সভা’য় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
প্রধান তথ্য কমিশনার আরও বলেন, তথ্য কমিশন শিক্ষার্থী এবং শিক্ষক—সবার অধিকার রক্ষার্থে কাজ করে। যদি কোনো শিক্ষার্থী নিয়মতান্ত্রিকভাবে নিজের পরীক্ষার খাতা দেখতে চেয়ে বঞ্চিত হয়, তবে কমিশন সেই অধিকার নিশ্চিত করার পথ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট, মাস্টারপ্ল্যানের অগ্রগতি কিংবা ক্যাম্পাসে গাছ কাটা হয়েছে কি না—এসব বিষয় জানতে শিক্ষার্থীদের আর রাজপথে নেমে আরিচা রোড অবরোধ করতে হবে না। নির্ধারিত ফরম পূরণ করে আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানার আইনি অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে।
কমিশনের প্রচার ও কার্যক্রম তুলে ধরে তিনি আরো বলেন, তথ্য কমিশন সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা না থাকায় কমিশনকে সবার কাছে পরিচিত করাই তার দায়িত্বের প্রথম কাজ। সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এই তথ্য মেলার আয়োজন শুরু হয়েছে।
ড. নাহরিন ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই দেশটি তোমাদের। প্রতি মুহূর্তে ও প্রতি সেকেন্ডে এই রাষ্ট্রে সাধারণ মানুষের টাকা খরচ হয়। সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার শতভাগ অধিকার তোমাদের রয়েছে। তিনি শিক্ষার্থীদের মেলার স্টলগুলো ঘুরে লিফলেট সংগ্রহ এবং তথ্য পাওয়ার আইনি উপায়গুলো জানার আহ্বান জানান।
বিগত প্রায় দুই বছর কমিশন অকার্যকর থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যোগদানের প্রথম দিন থেকেই কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার অঙ্গীকার করেছেন। কমিশন যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে ছাত্র-জনতাকেই সদা সজাগ ও সচেতন প্রহরী হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন