প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনের কারণে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিদিন তাদের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের এই ভয়াবহতা থেকে এলাকা রক্ষার দাবিতে নদীভাঙন কবলিত এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে চরদরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরদরবেশে, ইতালি মার্কেটের দক্ষিণ পাশে বায়তুন নুর জামে মসজিদের পশ্চিম ও দক্ষিণ অংশে, দুলা হাজী বাড়ির দরজা থেকে তালতলী পর্যন্ত নদী ভাঙন রোধে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেছে ইতালি মার্কেট একতা যুব সংঘ ও নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে নদীতীরবর্তী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নদীভাঙনে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে ভাঙন প্রতিরোধের দাবি এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা জানান, মুছাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন ইতোমধ্যে দাগনভুইয়া, সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার মানচিত্র পালটে দিতে শুরু করেছে। এই ভাঙনে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক ঘরবাড়ি ইতোমধ্যে নদীতে চলে গেছে। অনেক পরিবার তাদের বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। ভাঙনের গতি অব্যাহত থাকলে চরদরবেশ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা অস্তিত্ব সংকটে পড়বে বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এলাকাবাসীরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ এবং নদীর বাঁকা অংশ ড্রেজিংয়ের মাধ্যমে সোজা করে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন। অন্যথায় তারা সতর্ক করেন, পুরো চরদরবেশ ইউনিয়নের একটি বড় অংশ ভবিষ্যতে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় মাহবুবুল হক, সফি উল্লাহ, মো. ইয়াসিন ও আব্দুর রহিমসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন