ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা


২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের মতো খাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে জানান, ‘বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।’

আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১২২ পরিবারকে ৪ কোটি ২৫ লাখ টাকার সরকারি সহায়তা

তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল বিদ্যমান নেতিবাচক দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক ও টেকসই চক্র প্রতিষ্ঠা করা।

তিতুমীর উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনের জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় অর্থনৈতিক খাতের জন্য নীতিগত সহায়তা, বিনিয়োগ ও উৎপাদনে পর্যাপ্ত অর্থায়ন এবং রেল ও সড়কপথের বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলতি অর্থবছরের বাজেটে জনমিতিক সুবিধা ও মানুষের বর্ধিত আয়ুষ্কালের সুফল কাজে লাগানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাহ্যিক অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অবনতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরবর্তী অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর

চলতি অর্থবছরের বাজেট দলিলে প্রবৃদ্ধির এ মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা পরিবারের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

এদিকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ শতাংশ, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং জিডিপির ৪০ শতাংশের সমপরিমাণ মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করবে। এগুলো হলো— পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন), পুনঃপ্রতিষ্ঠা (রেস্টোরেশন) এবং ত্বরান্বিত উন্নয়নের জন্য পুনর্গঠন (রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)।

প্রথম পর্যায়ে, যা এক বছর মেয়াদি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, সরকারি সেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব

দ্বিতীয় পর্যায়, যা তিন বছর মেয়াদি, রাজস্ব সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো হবে।

তৃতীয় পর্যায়ে, যা পাঁচ বছর মেয়াদি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি জোরদারের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।

অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

শিল্প পুনরুজ্জীবনের অংশ হিসেবে পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল পুনরায় চালুর প্রস্তুতি চলছে। বৃহত্তর এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ডাক বিভাগের ১৪ কেন্দ্র সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো

প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং বিদেশি বাজার সম্প্রসারণে বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।

সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ ও পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচিটি বাস্তবায়নে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।

কৃষকদের সহায়তায় ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো এবং উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

আরও পড়ুন: নগ্ন ছবির লোভে যুদ্ধের পরিকল্পনা পাকিস্তানকে দিলেন ভারতীয় পাইলট

ধর্মীয় সেবাদানকারীদের সামাজিক সুরক্ষাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত এবং মন্দিরের সেবায়েতদের সহায়তা দেওয়ার এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

জননিরাপত্তা জোরদারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় সরকার। হত্যা, ডাকাতি, অপহরণসহ অন্যান্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে প্রস্তাবিত প্রণোদনার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ। এ ছাড়া সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, বিদ্যুৎ মিলবে চলতি মাসে

অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরবরাহ ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্পবাজারের সংযোগ জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন কৌশলে শিল্প সম্প্রসারণ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সরকারের বিশ্বাস, সুশাসন উন্নয়ন, বিনিয়োগ আহরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যা শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর, কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকার ২ নম্বর ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার গ্রেপ্তারি হয়। আদালতের জারি করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কিছুদিন পর তার বিরুদ্ধে পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী শাহীনা আক্তার। ওই মামলায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই মিজানুর রহমান আখন্দ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেন। বাদী শাহীনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক জড়িত রয়েছেন।

মামলার বাদী শাহীনা আক্তার বলেন, "বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।"

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন

মহাকাশে পাঠানোর পর, যেখানে মহাকাশযানটি উড্ডয়ন করেছিল, সেখানেই আবার ফিরিয়ে আনার উদ্দেশ্যে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে স্পেসএক্স, যা পরিচালনা করছেন ইলন মাস্ক।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ২৭ মিনিট পর এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। এই সময় মহাকাশে ২৬টি স্টারলিংক কৃত্রিম উপগ্রহও স্থাপন করে যানটি।

তবে, উৎক্ষেপণের পর মহাকাশযানের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল হয়নি। সেটিকে মেক্সিকো উপসাগরের দিকে পাঠানো হয় এবং পরে সেটি বিস্ফোরিত হয়।

এবারের মূল লক্ষ্য হল মহাকাশযানের ওপরের অংশটিকে প্রায় ২২ ঘণ্টা কক্ষপথে রাখার পর পৃথিবীতে ফিরিয়ে আনা। শনিবার এটি টেক্সাসের উৎক্ষেপণস্থলে ফিরে এসে বিশেষ যান্ত্রিক বাহুর সাহায্যে অবতরণ করার কথা। যদি এটি সফল হয়, তাহলে মহাকাশযানটিকে একই স্থান থেকে উৎক্ষেপণ ও ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি হবে একটি বড় সাফল্য।

ইলন মাস্কের লক্ষ্য হল, পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের মাধ্যমে মহাকাশ ভ্রমণের খরচ কমানো। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাতেও এই মহাকাশযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

ভারতের গান্ধী পরিবারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বিজেপির সংসদ সদস্য এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তার পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর বিষয়ে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে।

হিমাচল প্রদেশের শিমলার বাসিন্দা অতুল শর্মা এ অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, কঙ্গনার পোস্টগুলোতে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনাকে সন্দেহজনকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এসব পোস্ট রাজনৈতিক সমালোচনার সীমা অতিক্রম করে জনমনে বিভ্রান্তি এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে।

শিমলার পুলিশ সুপার গৌরব সিং শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগকারী অতুল শর্মার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) কঙ্গনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে এসব পোস্ট প্রকাশ করেন। একটি পোস্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তার পরিবারের সদস্যদের একের পর এক হত্যার ঘটনা তাকে সরকারপ্রধান হওয়ার পথ তৈরি করে দিয়েছিল। পোস্টটির শেষে ‘কী সুবিধাজনক’ মন্তব্যও করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, কঙ্গনা দাবি করেছেন যে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল।

অতুল শর্মা এসব পোস্টের বিরুদ্ধে দ্রুত মামলা করার পাশাপাশি সাইবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করার জন্য পুলিশ মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়েছেন। তার অভিযোগ, পোস্টগুলোতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%