প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর রায়পুরায় বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার মাদকাসক্ত ছেলে তারেক মিয়াকে (২৭) হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া চলে যান তারেক মিয়া। সেখানে অবস্থানকালে তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেশটির পুলিশ তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়। আড়াই বছর আগে দেশে ফিরে আসার পর থেকে নিয়মিত মাদক সেবন করতে থাকেন। মাদকের জন্য অর্থের প্রয়োজন হলে পরিবারের সদস্যদের ওপর প্রায়ই নির্যাতন চালাতেন।
বুধবার (১৪ অক্টোবর) তারেক তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাবা অলিউর রহমান তাকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তারেকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, তারেক ‘মাদকাসক্ত’ ছিলেন এবং মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনার প্রেক্ষিতে বাবার ক্ষোভের কারণে অলিউর রহমান তার ছেলেকে হত্যা করেছেন।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, নিহত তারেক মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারের মধ্যে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে বাবা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। নিহতের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন