প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মানব পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে যৌথ বাহিনী, যা সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয়েছে।
রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে মোট আটজনকে উদ্ধার করা হয়, যার মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং ৮ মাস বয়সী একটি শিশু রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযানটি পরিচালনা করে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। এই গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।
তাদের দাবি, অভিযানের সময় নৌকা নিয়ে সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করার সময় পাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের জন্য জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং ৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
সূত্রমতে, এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন