শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০২ এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে র্যাব-১৩ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে, তাদের কাছে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি বিশেষ অভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে তাদের হেফাজতে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) এবং মো. হযরত আলী (২৯)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, রাতের অভিযানের পর তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: ফজলুল হক মিলনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। ছবি: সৌজন্যবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। তার উপস্থিতিতে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর এবং জলাশয় সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, এভাবেই গড়ে তোলা সম্ভব সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তার রচিত ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মাধ্যমে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত থাকা উচিত।
আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ শীর্ষক গ্রন্থের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, লেখক তার গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে উপস্থাপন করেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের লেখক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষার দহন ও অবহেলা—এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।”
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বইটি পাঠক সমাজে যে পরিমাণ সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বই এতটা সাড়া ফেলতে সক্ষম হয়নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং শিরীন সুলতানা।
অনুষ্ঠানে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে কলাভবন চত্বরে নিমগাছ রোপণ করা হয়। এ সময় আয়োজক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ৪ সেপ্টেম্বর ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না।
ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে।
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না-এটাই বাংলাদেশের প্রত্যাশা।
এর আগে, শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসেন হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ