প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে নোরা ফাতেহী এখন নাচ ও অভিনয়ের জন্য পরিচিত। তবে এই অবস্থানে পৌঁছানোর জন্য তার পথটি সহজ ছিল না। ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে একাধিক গানের কাজে যুক্ত হলেও তিনি সময়মতো পারিশ্রমিক পেতেন না। সেই সময় ‘বিগ বস’-এ যাওয়ার প্রস্তাব আসে। নোরা শেষ পর্যন্ত একটি বিশেষ শর্তে সেই প্রস্তাবে রাজি হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। নোরা জানান, সে সময় তিনি বেশ কিছু গানের কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু কাজ শেষ হলেও পারিশ্রমিক পেতে দেরি হচ্ছিল। প্রযোজকরা হয়তো তার এজেন্সিকে টাকা দিয়েছিলেন, কিন্তু সেই অর্থ তার কাছে পৌঁছাচ্ছিল না।
পারিশ্রমিক নিয়ে এই সমস্যার মধ্যে ‘বিগ বস’ থেকে ফোন আসে নোরার কাছে। তাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে প্রথমে তিনি সরাসরি না করে দেন।কারণ, তখন রিয়ালিটি শো সম্পর্কে নোরার ধারণা খুব একটা ভালো ছিল না। তাই তিনি কর্তৃপক্ষকে নিজের আপত্তির কথা জানান। কিন্তু পরে তাকে ‘বিগ বস’-এর জন্য কত পারিশ্রমিক দেওয়া হবে, সেই তথ্য জানানো হয়। আর সেটিই নোরার সিদ্ধান্ত পরিবর্তন করে।
তবে শুধুমাত্র পারিশ্রমিকের বিষয়টি নয়, ‘বিগ বস’-কে নিজের ক্যারিয়ারের জন্য কাজে লাগানোর পরিকল্পনাও ছিল নোরার। তিনি বুঝতে পেরেছিলেন, এই ধরনের জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মাধ্যমে দ্রুত দর্শকের কাছে পরিচিত হওয়া যায়।
নোরা ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে ‘বিগ বস’-এ প্রবেশ করেছিলেন। ফলে শোয়ে তার থাকার সম্ভাবনা খুব বেশিদিন ছিল না। তাই অল্প সময়ের এই সুযোগটিকে কিভাবে বড় কাজে লাগানো যায়, সেটাও ভাবছিলেন তিনি।
নোরার একটি নির্দিষ্ট লক্ষ্য ছিল—নাচের রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’-এ অংশ নেওয়া। তাই ‘বিগ বস’-এ যোগ দেওয়ার আগে তিনি কর্তৃপক্ষের সামনে নিজের শর্ত রাখেন।
নোরা জানান, তাকে ‘ঝালাক দিখলা যা’-এও সুযোগ দিতে হবে। একই চ্যানেলের অনুষ্ঠান হওয়ায় শেষ পর্যন্ত তার সেই শর্ত মেনে নেওয়া হয়। এরপর ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পাশাপাশি ‘ঝালাক দিখলা যা’-এও তিনি জায়গা করে নেন।
২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন নোরা। ২০১৬ সালের জানুয়ারিতে শো থেকে বাদ পড়েন। তবে অল্প সময়ের সেই উপস্থিতি তাকে দর্শকের কাছে আরো পরিচিত করে তোলে।
বিগ বস’-এ থাকাকালীন নোরা প্রিন্স নারুলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন। দুজনকে প্রায়ই খুনসুটি করতে দেখা যেত। এমনকি প্রিন্স নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।
পরে অবশ্য নোরার ক্যারিয়ার নিজের গতিতে এগিয়ে গেছে। অল্প সময়ের জন্য ‘বিগ বস’-এর ঘরে থাকলেও সেই অভিজ্ঞতা নোরার ক্যারিয়ারে নতুন সুযোগের দরজা খুলে দেয়। আর সেই যাত্রার শুরু হয়েছিল পারিশ্রমিক নিয়ে সমস্যার কারণে এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার একটি কৌশল হিসেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন