প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় চার দশক আগে লেবাননে বিধ্বস্ত হওয়া এক ইসরায়েলি পাইলটের সন্ধানে নেমে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এর মধ্যে একজনকে তুরস্ক থেকে অপহরণের পর কয়েক সপ্তাহ ধরে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে লেবাননের বিভিন্ন গ্রামে বোমাবর্ষণ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে সময় প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আরাদ নিখোঁজ হন। নিখোঁজ সেনাদের দেশে ফিরিয়ে আনার ইহুদি ঐতিহ্যের অংশ হিসেবে এরপর থেকেই আরাদের সন্ধানে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। এই অভিযানের জেরে গত কয়েক দশকে অন্তত ৪০ জনের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে।
ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়।
অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আরাদ নিখোঁজের ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণের সময় আইআরজিসি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। তাকে একটি রেফ্রিজারেটরের বাক্সে ভরে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের পর অপহরণের বিষয়টি গোপন রাখতে তাকে জীবিত অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেলে রেখে যায় ইসরায়েলি এজেন্টরা। সাবেরিও ওই পাইলটের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
পরবর্তীতে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে উঠে আসে, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে রন আরাদের মৃত্যু হয় এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। তবে ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল যে ইরান এ বিষয়ে সব জানে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে একটি ব্যবসায়িক বৈঠকের কথা বলে ডেকে নিয়ে অপহরণ করে ইসরায়েলি এজেন্টরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে শুকর পাইলট আরাদকে হত্যা করেছিলেন।
এছাড়া চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবী চিত গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ রয়েছে—এমন ধারণায় সেখানে ৪০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হলেও আরাদের মরদেহের কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও মিডল ইস্ট আই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন