প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি সপ্তাহে চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ট্রাম্প উল্লেখ করেন, বৈঠকটি চীনে অনুষ্ঠিত হবে। তবে কিমের উপস্থিতি নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সিদ্ধান্তের ওপর।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব বৈঠকে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো সম্ভব হয়নি। বর্তমান মেয়াদেও কিমের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজন তারা অনুভব করছে না।
কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, "তিনি আসবেন কি না, তা নিশ্চিত নয়।" তিনি আরও জানান, বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ওপর নির্ভর করছে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, চীনে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও শি চিনপিংয়ের বৈঠক বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ট্রাম্প জানিয়েছেন, তিনি শি ও পুতিনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান, ইউক্রেন, বাণিজ্য ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, এসব আলোচনায় কার্যকর কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।
রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিম চীনে গেলে পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে প্রায় ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাদের বেশির ভাগকেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেখানে তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছেন।
ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা বলেন, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে কিম জং উনকে বৈঠকের জন্য চীনে আনার অনুরোধ করেছেন।
ভিক্টর চা বলেন, ট্রাম্পের পাশাপাশি চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হতে পারলে কিমের জন্য এটি বড় কূটনৈতিক সাফল্য হবে। তিনি উল্লেখ করেন, এপেক সম্মেলনের আয়োজক হিসেবে শি চিনপিং হয়তো অন্য কোনো বিষয় দিয়ে সম্মেলনের মনোযোগ সরাতে চাইবেন না। তবে সব নেতাকে এক বৈঠকে আনতে পারলে তা তার বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে।
এদিকে কিমের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে ট্রাম্পের আগ্রহ এমন সময়ে দেখা যাচ্ছে, যখন তাদের সর্বশেষ শীর্ষ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
এরপর উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়িয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প উত্তর কোরিয়াকে বড় ধরনের ছাড় দিলে আঞ্চলিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ তৈরি হতে পারে।
ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে, দেশটি ইতিমধ্যে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং এ অঞ্চলের মিত্ররা উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা দিতে রাজি নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন