প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯৯৩ সালে জেনসেন হুয়াং তার দুই বন্ধুর সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করছে। তবে প্রতিষ্ঠাতার কেলেঙ্কারির কারণে এনভিডিয়া আজ এক কঠিন সংকটের সম্মুখীন। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কারণে তাকে এনভিডিয়া ত্যাগ করতে হয়েছে। তবে জেনসেনের পদত্যাগের পরও তার পরিবারের এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়নি।
জেনসেনের মেয়ে ম্যাডিসন, ছেলে স্পেন্সার এবং জামাতা নিকো ক্যাপ্রেজ এখনো এনভিডিয়ার জ্যেষ্ঠ নির্বাহীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জেনসেন হুয়াংয়ের প্রস্থান পরবর্তী সময়ে কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এনভিডিয়া এখন একটি অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি, তা হলো, জেনসেন হুয়াং নেতৃত্বে না থাকলে হুয়াং পরিবারের প্রভাব কতটুকু টিকে থাকবে?
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার কর্মরত হুয়াং পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলেন ৩৫ বছর বয়সী ম্যাডিসন হুয়াং। তিনি নিয়মিতভাবে বৈঠকে জ্যেষ্ঠ নির্বাহীদের তিরস্কার করেন এবং নিজের পছন্দমতো না হলে যেকোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, গত ফেব্রুয়ারিতে জেনসেন হুয়াং শেষ মুহূর্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই সামিট’-এ তার জায়গায় দীর্ঘদিনের মিত্র জে পুরীকে পাঠানোর সিদ্ধান্ত নেন। এতে ম্যাডিসন হুয়াং প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং প্রস্তুতির অভাবের কারণে পুরীসহ অন্যান্য নির্বাহীদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন।
পুরী তাকে বাধা দিয়ে চিৎকার বন্ধ করতে বলেন। তবে ছয় মাস পর পুরী কোম্পানি ত্যাগ করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডিসন হুয়াং তার বাবার কাছ থেকেই এই বদমেজাজ পেয়েছেন। কোম্পানির অন্যান্য নির্বাহীদের সঙ্গে ম্যাডিসনের আচরণ কেমন, তা জেনসেন হুয়াং জানতেন। কিন্তু তিনি এ বিষয়ে চুপ থাকতেন।
সংবাদমাধ্যমটি জানায়, জেনসেন হুয়াংয়ের একটি পডকাস্ট মন্তব্যের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তিনি বলেন, বাবা হিসেবে তিনি সন্তানদের জন্য খুব কম সময় দিতে পেরেছেন। তিনি আরও বলেন, তিনি ম্যাডিসন ও স্পেন্সারের শৈশবের অনেক কিছুই মিস করেছেন। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর তার স্ত্রী লোরি তড়িৎ প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
জেনসেন হুয়াং পডকাস্টে বলেছিলেন, তার সন্তানেরা ছোটবেলা থেকেই এনভিডিয়াকে ভালোবাসতে শিখেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তিনি বলেন, ‘দুই সন্তানই শেয়ারহোল্ডারদের লেখা প্রতিটি চিঠি পড়েছে, প্রতিটি শেয়ারহোল্ডার সভায় গেছে এবং আমি যত সম্মেলনে অংশ নিয়েছি, তার প্রতিটিতেই তারা উপস্থিত ছিল। আমি বেশিরভাগ সময় দূরে থাকা সত্ত্বেও তারা সবসময় কোম্পানিটিকে ভালোবাসার পথ খুঁজে নিয়েছে।’
এই পরিবেশই ম্যাডিসনের শুরুর বছরগুলো গড়েছিল, যিনি ২০২০ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন। আনুষ্ঠানিকভাবে তিনি ফিজিক্যাল এআই-এর প্রোডাক্ট মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। তবে বাস্তবে তিনি তার বাবার চিফ অব স্টাফ বা প্রধান সহকারী হিসেবে কাজ করেন এবং এনভিডিয়ার বিপণন ও যোগাযোগ বিভাগের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। তিনি বাবার সঙ্গে ত্রৈমাসিক সভাগুলোতে অংশ নিতেন এবং তার তারকা ভাবমূর্তি গড়তে সাহায্য করতেন।
স্পেন্সার হুয়াং ২০১৩ সালে কলাম্বিয়া কলেজ শিকাগো থেকে স্নাতক শেষ করে ২০২২ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং বর্তমানে কোম্পানিটির রোবোটিক্স উদ্যোগের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শান্ত স্বভাবের এবং নিজের দায়িত্বের প্রতি মনোযোগী হিসেবে গণ্য করা হয়।
ম্যাডিসন হুয়াংয়ের স্বামী নিকো ক্যাপ্রেজ ২০২৪ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং দ্রুতই শীর্ষ পর্যায়ে উঠে আসেন। তিনি এআই অবকাঠামো বৃদ্ধির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে নির্বাহী দলের বৈঠকগুলোতেও অংশ নিতেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ম্যাডিসন ২০১২ সালে কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্যারিস ও লন্ডনের ‘লে কর্ডন ব্লু’-তে বেকিং ও ওয়াইন নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি চার বছর ধরে বিলাসবহুল হোটেল এবং লুই ভুইটন মোয়েট হেনেসির মালিকানাধীন একটি ইতালীয় পেস্ট্রি শপ পরিচালনা করেন।
২০১৯ সালে তিনি লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা শুরু করেন, যেখানে ক্যাপ্রেজের সঙ্গে তার পরিচয় হয়। হুয়াং পরিবারের সদস্যদের চেনেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ম্যাডিসন অত্যন্ত তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির অধিকারী এবং যেকোনো কাজ আদায় করে নিতে জানেন। ম্যাডিসন হুয়াং আক্রমণাত্মকভাবে তার বাবার প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতেন।
কোলেট ক্রেস যখন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন, তখন রোবোটিক্স কোম্পানিতে বিনিয়োগ এবং ক্যাপ্রেজ যেসব চুক্তি করতে চেয়েছিলেন সেগুলো নিয়ে ম্যাডিসনের সাথে ক্রেসের বিরোধ হয়েছিল। ম্যাডিসনের ক্ষমতা বাড়ার সাথে সাথে কর্মীরা এনভিডিয়া ছাড়তে শুরু করেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, তার কারণে এক ডজনেরও বেশি কর্মী কোম্পানি ছেড়ে চলে গেছেন।
জেনসেন হুয়াংয়ের প্রস্থান এনভিডিয়াকে কেবল নতুন নেতা খোঁজার চেয়ে বড় একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে: কোম্পানির ভেতরে তার পরিবার যে প্রভাব বিস্তার করত, তার কী হবে? কোলেট ক্রেসকে এখন নির্ধারণ করতে হবে যে বাবা নেতৃত্বে না থাকা অবস্থায় ম্যাডিসন কতটুকু কর্তৃত্ব ধরে রাখতে পারবেন।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন