প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎপাদনস্থল, প্রযুক্তির উৎস ও বিক্রয়োত্তর সেবা নিয়ে প্রশ্ন, মেশিনের অপেক্ষায় রোগীরা
কিডনি বিকল রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। সপ্তাহে দুই থেকে তিনবার এই চিকিৎসা নিতে হয় অনেক রোগীকে। কিন্তু দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিনের সংখ্যা কম রয়েছে। মেশিনের অভাবে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। অনেক রোগীকে জেলা থেকে রাজধানী কিংবা দূরের হাসপাতালে যেতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর ডায়ালাইসিস-সেবা সম্প্রসারণের জন্য ১ হাজার ৩০টি হেমোডায়ালাইসিস (এইচডি) মেশিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রায় ছয় বছর আগে নেওয়া এই উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে দুই দফা দরপত্র বাতিল হয়েছে। বর্তমানে তৃতীয় দফার দরপত্রের চূড়ান্ত পর্যায়ে এসে সাধারণ এইচডি মেশিনের পাশাপাশি অধিক ব্যয়বহুল রক্ত পরিশোধনের উন্নত পদ্ধতি হেমোডায়াফিলট্রেশন (এইচডিএফ) প্রযুক্তির মেশিন অন্তর্ভুক্তির চেষ্টা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দরপত্রের শেষ পর্যায়ে বিশেষ একটি প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার তৎপরতা চলছে। এতে প্রতিযোগিতা সীমিত হওয়ার পাশাপাশি প্রকল্পের ক্রয়মূল্য ও দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় বেড়ে যেতে পারে।
অন্যদিকে এইচডিএফ প্রযুক্তির আলোচনায় আসা তুরস্কের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিমেডের ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের উৎপাদনস্থল, প্রযুক্তিগত উৎস এবং বিক্রয়োত্তর সেবা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে ১ হাজার ৩০টি মেশিন কেনার এই প্রকল্পে স্বচ্ছতা, কারিগরি যোগ্যতা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯০টি এবং ৪০টি জেলা হাসপাতালে ৪৪০টি মেশিন স্থাপনের কথা রয়েছে। এর মাধ্যমে জেলা পর্যায়ে ডায়ালাইসিস-সুবিধা বাড়ানো এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর চাপ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রথম দফার দরপত্র ২০২৪ সালের ১৭ অক্টোবর জমা ও খোলার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। দ্বিতীয়বার দরপত্র আহ্বানের পরও ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দুই দফা দরপত্র বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
তৃতীয় দফায় দরপত্র আহ্বানের ক্ষেত্রে কারিগরি শর্ত যথাসম্ভব ব্র্যান্ড-নিরপেক্ষ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে ইউরোপ, জাপান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের যোগ্য প্রস্তুতকারকেরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে সরকারের ক্রয়ব্যয় কমানোর পাশাপাশি উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু দরপত্রের শেষ পর্যায়ে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তির আলোচনা প্রকল্পের মূল উদ্দেশ্য ও কারিগরি শর্ত নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সাধারণ এইচডির প্রকল্পে এইচডিএফ কেন?: এইচডিএফ একটি উন্নত ডায়ালাইসিস পদ্ধতি। এতে প্রচলিত হেমোডায়ালাইসিসের পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় রক্ত থেকে কিছু অতিরিক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী এ পদ্ধতি উপযোগী হতে পারে। তবে এটি পরিচালনার জন্য উন্নত অবকাঠামো ও কঠোর মাননিয়ন্ত্রণ প্রয়োজন।
বিশেষ করে অনলাইন এইচডিএফ চিকিৎসায় উচ্চমানের পানি পরিশোধনব্যবস্থা, জীবাণুমুক্ত ও জ্বরসৃষ্টিকারী পদার্থমুক্ত তরল, বিশেষ ছাঁকনি, নিয়মিত পানির মান পরীক্ষা এবং প্রশিক্ষিত জনবল প্রয়োজন। এসব ব্যবস্থা নিশ্চিত না হলে শুধু আধুনিক মেশিন কিনে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে যেখানে সাধারণ এইচডি সেবাই এখনো পর্যাপ্ত নয়, সেখানে প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে অধিক ব্যয়বহুল প্রযুক্তি অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা কী? এই প্রযুক্তির জন্য অতিরিক্ত ব্যয় করলে একই বাজেটে আরও বেশি সাধারণ এইচডি মেশিন কেনা ও সচল রাখা সম্ভব কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, এইচডিএফ অন্তর্ভুক্তির আগে স্বাধীন চিকিৎসাবৈজ্ঞানিক মূল্যায়ন, রোগীর প্রয়োজন নিরূপণ এবং ব্যয়-সুবিধা বিশ্লেষণ প্রকাশ করা জরুরি। প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা যেন বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসুবিধা সম্প্রসারণের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে।
ইউনিমেডের উৎপাদনস্থল নিয়ে প্রশ্ন
এইচডিএফ প্রযুক্তির আলোচনায় ইউনিমেডের ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের নাম সামনে এসেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মেশিনটিকে অনলাইন এইচডিএফ মেশিন হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিজেদের প্রস্তুতকারক ও সরবরাহকারী হিসেবে পরিচয় দিলেও তুরস্কের ঠিকানাটি ‘তুরস্ক কার্যালয়’ হিসেবে উল্লেখ করেছে। প্রকৃত ঠিকানা হচ্ছে- শেনলিকয় মহল্লা, ইয়েশিলকয় হালকালি সড়ক ৯৩/২, বাকিরকয়, ইস্তাম্বুল। এ ঠিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের বক্তব্য, একই সড়কের ৯৩ নম্বর ঠিকানায় অ্যাকোয়া ফ্লোরিয়া নামের বিপণিবিতানের অবস্থান উল্লেখ রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদনস্থল সরেজমিনে পরিদর্শন, কারখানার নিবন্ধন, উৎপাদন অনুমতিপত্র, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের আন্তর্জাতিক মানসংক্রান্ত সনদ (আইএসও ১৩৪৮৫), পণ্যের নিয়ন্ত্রক অনুমোদন এবং প্রস্তুতকারকের প্রামাণ্য নথি পরীক্ষা করা জরুরি। এ ছাড়া ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের বাহ্যিক নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সঙ্গে চীনের এসডব্লিউএস-৬০০০ মেশিনের মিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ইউডিআইএ এইচডিএফ২ মূলত এসডব্লিউএস-৬০০০-এর পুনঃনামকরণ করা সংস্করণ হতে পারে।
আগের মেশিনগুলোর অভিজ্ঞতা কী: সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশে সরকারি কর্মচারী হাসপাতালে ইউডিআইএ এইচডিএফ২-এর চীনা সংস্করণের প্রায় ১৫টি মেশিন স্থাপন করা হয়েছিল। বর্তমানে সেগুলোর কোনোটিই সচল নেই বলে অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালের একটি ডায়ালাইসিস মেশিন শুধু কেনা ও স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়মিত রোগীর চিকিৎসা নিশ্চিত করতে মেশিন সচল রাখা, প্রশিক্ষিত কারিগরি জনবল, স্থানীয় মেরামত ও রক্ষণাবেক্ষণসেবা এবং যন্ত্রাংশের সহজলভ্যতা অপরিহার্য।
আগে নিয়মিত চিকিৎসা, পরে প্রযুক্তির সম্প্রসারণ: মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও স্বাস্থ্যবিমার আওতায় ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এসব দেশেও সাধারণ হেমোডায়ালাইসিস কিডনি বিকল রোগীদের চিকিৎসার অন্যতম প্রধান পদ্ধতি। অর্থাৎ উন্নত স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতেও সাধারণ এইচডির গুরুত্ব কমেনি।
বাংলাদেশের বাস্তবতায় প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সাশ্রয়ী ও নিয়মিত ডায়ালাইসিস নিশ্চিত করা। কারণ, মেশিনের অভাবে চিকিৎসা ব্যাহত হলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। জেলা পর্যায়ে পর্যাপ্ত মেশিন স্থাপন করা গেলে বহু রোগীর যাতায়াতের দুর্ভোগ ও চিকিৎসার ব্যয় কমানো সম্ভব।
স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মেশিন কেনার ক্ষেত্রে শুধু ক্রয়মূল্য নয়, পাঁচ থেকে দশ বছরের পুরো কার্যকালীন ব্যয় হিসাব করা উচিত। এর মধ্যে চিকিৎসাসামগ্রী, যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুমোদিত চিকিৎসাসামগ্রী ব্যবহারের সুযোগ থাকলে দীর্ঘমেয়াদে মূল্য প্রতিযোগিতা বজায় রাখা সম্ভব।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ডা. এহসানুল করিম বলেন, তাঁরা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। এর বাইরে তিনি মন্তব্য করতে রাজি হননি।
সব মিলিয়ে ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগটি এখন শুধু একটি সরকারি ক্রয়প্রক্রিয়া নয়; এটি দেশের হাজারো কিডনি রোগীর নিয়মিত চিকিৎসা পাওয়ার সঙ্গে জড়িত। দরপত্রে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা প্রযুক্তিকে সুবিধা না দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা, নিরপেক্ষ কারিগরি মূল্যায়ন এবং প্রস্তুতকারকের সক্ষমতা যাচাই নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এইচডিএফ প্রযুক্তি যুক্ত করার যৌক্তিকতা ও অতিরিক্ত ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত।
কারণ, সরকারি অর্থে কেনা মেশিনের সাফল্য শুধু কতটি যন্ত্র কেনা হলো, তা দিয়ে নির্ধারিত হবে না। বরং কতটি মেশিন বছরের পর বছর সচল থাকল এবং কতজন রোগী নিয়মিত ডায়ালাইসিসের সুযোগ পেলেন, সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন