প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক এবং মুক্তিযুদ্ধের সময়ের গুলির চিহ্ন চুন দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের ঐতিহাসিক স্থান চাঁনমারী সংলগ্ন এই মিনারে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে দেখা যায়, চুনের প্রলেপ দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষণকালীন চাঁনমারীর গুলির চিহ্নগুলো সম্পূর্ণরূপে ঢেকে ফেলা হয়েছে। এর ফলে শহীদদের স্মৃতিময় নাম ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলো আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে রৌমারীর ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে শহীদ আবু আসাদ, শহীদ আবুল হোসেন, শহীদ আব্দুল হামিদ, শহীদ আব্দুল লতিফ, শহীদ আব্দুল মজিদ, শহীদ আব্দুল বারী, শহীদ বদীউজ্জামান, শহীদ খন্দকার আব্দুল আজিজ চাঁন মিয়া এবং শহীদ কছিবর রহমান অন্তর্ভুক্ত।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম মন্তব্য করেন, ‘মহান স্বাধীনতার এত বছর পর যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের প্রতি ঘৃণা জানাই। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত এসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’
রৌমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের সরকার বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক যারা রাতের আঁধারে মুছে দিয়েছে, তাদের ধিক্কার জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলার সাথে জড়িতদের দুষ্কৃতকারী উল্লেখ করে রৌমারী উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান পলাশ বলেন, ‘তারা এ দেশের ইতিহাসকে মুছে দিতে চায়, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
কুড়িগ্রাম গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম এ মোমেন বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান মুছে ফেলার চেষ্টা শুধু তাদের অসম্মান নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাস ও জাতীয় চেতনার ওপর আঘাত।’
ঘটনার বিষয়ে রৌমারী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখা হচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান জানান, সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন