প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালদ্বীপের সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ এই আগ্রহের কথা জানান।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আইনি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল মালদ্বীপে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার বিষয়টি তুলে ধরেন। হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করে জানান যে, তার সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী।
বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য আইনি বিরোধ সমাধানের জন্য পারস্পরিক আলোচনা ও সমঝোতার বিষয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
সাক্ষাৎকালে হাইকমিশনার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব ও কার্যক্রম তুলে ধরেন। এ সময় ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
পরে, বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম দেখতে আদালত পরিদর্শন করেন হাইকমিশনার। অ্যাটর্নি জেনারেল তাকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার।
সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী।
এ ধরনের যোগাযোগ দুই দেশের মধ্যে আইনি সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন