প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে সংগঠিত একটি ঘটনায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম। পাশাপাশি ৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে, গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটের প্রেক্ষাপটে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন।
তারা সকাল থেকে লগি-বইঠা, ঢাল-সুড়কি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শহরের বিভিন্ন স্থানে, যেমন লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লিবিদ্যুৎ মোড়, সদর উপজেলার কাঠিসহ সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ছাড়া তারা কভার্ডভ্যান, বাস, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ সহিংস ঘটনা ঘটান। ওই দিন ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্নস্থানে সড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয় এবং আতঙ্ক দেখা দেয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। ওই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন