প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য কমলা টুপি, সর্বোচ্চ উইকেটশিকারির জন্য বেগুনি টুপি—এমন পুরস্কার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায়।
তবে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (আইএলটি২০) পুরস্কারের ধরনটি কিছুটা ভিন্ন। এখানে সেরা ক্রিকেটারদের জন্য রেসলিংয়ের আদলে তৈরি বিশেষ বেল্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টের শুরু থেকেই আয়োজকেরা এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। মোট পাঁচ রঙের বেল্ট রয়েছে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের জন্যও আলাদা স্বীকৃতি রয়েছে। এমনকি চ্যাম্পিয়ন দলের মালিকের জন্যও একটি বেল্ট রয়েছে।
কাকে কোন বেল্ট দেওয়া হয়
সবুজ বেল্ট: টুর্নামেন্টের সেরা ব্যাটার বা সর্বোচ্চ রান সংগ্রাহক এই বেল্টটি পান।
সাদা বেল্ট: টুর্নামেন্টের সেরা বোলার বা সর্বোচ্চ উইকেট শিকারির জন্য এই পুরস্কার নির্ধারিত।
লাল বেল্ট: টুর্নামেন্টের সেরা বা সবচেয়ে মূল্যবান খেলোয়াড়কে (এমভিপি) এই বেল্ট প্রদান করা হয়।
নীল বেল্ট: টুর্নামেন্টে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের মধ্যে সেরা পারফরমার এই পুরস্কার লাভ করেন।
কালো বেল্ট: টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের মালিককে এই বেল্ট প্রদান করা হয়।
বর্তমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ডেভিড ভিসা (বাঁয়ে) এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইব্রাহিম জাদরান রয়েছেন। ছবি: আইএলটি২০
মজার বিষয় হলো, টুর্নামেন্ট চলাকালীন সবুজ ও সাদা বেল্ট এক ক্রিকেটার থেকে অন্য ক্রিকেটারের কাছে স্থানান্তরিত হয়। যখন কেউ সর্বোচ্চ রান সংগ্রাহক বা উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে, তখন বেল্টটি তার হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ, এটি শুধুমাত্র মৌসুম শেষে দেওয়া পুরস্কার নয়, পুরো টুর্নামেন্টজুড়ে চলমান একটি প্রতিযোগিতা।
বেল্টের বৈশিষ্ট্য
ডব্লিউডব্লিউই-এর আদলে তৈরি এই বেল্টগুলোর মূল প্লেট অত্যন্ত মজবুত ধাতুর তৈরি এবং এর ওপর সোনার প্রলেপ রয়েছে। প্রতিটি বেল্টের ওজন প্রায় ৭.৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
বেল্টগুলো তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াইল্ডক্যাট বেল্টস। রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপ বেল্ট তৈরির জন্যও প্রতিষ্ঠানটি পরিচিত। অর্থাৎ, ক্রিকেটের মাঠে পারফরম্যান্সের স্বীকৃতিতে এবার যোগ হয়েছে রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপের আবহ।
বেল্টগুলোতে সোনার প্রলেপ দেওয়া হয়েছে। ছবি: আইএলটি২০
তবে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ ট্রফি তৈরি করেছে লন্ডনভিত্তিক বিখ্যাত স্বর্ণকার ও রৌপ্যকার প্রতিষ্ঠান টমাস লাইট। এফএ কাপ, রাইডার কাপ, এএফসি এশিয়ান কাপের মতো ট্রফি তৈরির অভিজ্ঞতা তাদের রয়েছে।
কেন এমন উদ্যোগ
আইএলটি২০ কর্তৃপক্ষের লক্ষ্য, অন্য টি-টোয়েন্টি লিগের তুলনায় নিজেদের আলাদা করে উপস্থাপন করা। লিগটির কৌশল ও পরিকল্পনা বিভাগের প্রধান ভেঙ্কটেশ শ্রীধর টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন, ক্রিকেটে রেসলিংয়ের বেল্ট কেন দেওয়া হচ্ছে? আমাদের পাল্টা প্রশ্ন ছিল, কেন নয়?’
এবারের মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি রয়েছে কি না তা নিয়ে আলোচনা চলছে।
আইএলটি২০-এর পঞ্চম মৌসুম শুরু হয়েছে গত ২১ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এই তারকা পেসার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন।
টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট পেলে মুস্তাফিজের হাতে উঠতে পারে সাদা বেল্ট। যদিও তার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনি উইকেটশূন্য ছিলেন।
মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। ছবি: ফেসবুক
আজ রাতেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস; তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ডেসার্ট ভাইপার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন