প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে আলাদা তিনটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দফতরের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় আলাদা তিনটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে হ্নীলায় মিয়ানমার থেকে আসা একটি নৌকাযোগে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা বিজিবি নস্যাৎ করে।
বিজিবি অধিনায়ক জানান, ১১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর বিজিবির একটি চৌকস অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় কৌশলগতভাবে অ্যামবুশ অবস্থান নেয়। এক পর্যায়ে নৌকাটি থেকে আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনের ভেতরে অবস্থান নেয়। পরে তারা বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। এ সময় বিজিবির অপর একটি টহল দল স্পিডবোট যোগে কেওড়া বনের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে অগ্রসর হয়। বিজিবির প্রতিরোধের মুখে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে রেখে নৌকাযোগে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি জানান, একই রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রমজান আলী উখিয়া উপজেলার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের মো. সিদ্দিক ও ফাতেয়া খাতুনের ছেলে। অন্যদিকে, একই রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মো. আলমগীর ও নুরাশা বেগমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, টেকনাফ ও উখিয়া সীমান্তে সক্রিয় মাদক কারবারি ও চোরাচালানকারীদের অবস্থান এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন