প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ও অস্বাভাবিক ফি নির্ধারণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার উদ্দেশ্যে গলাকাটা ফি নির্ধারণের এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক বিবৃতিতে এই দাবি ও হুঁশিয়ারি জানান।
তিনি বিবৃতিতে বলেন, ‘আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের নামে শিক্ষার্থীদের ওপর অস্বাভাবিক ও অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে সমাবর্তনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
ডাকসু নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেশের বাইরে থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘উপাচার্য (ভিসি), সহ-উপাচার্য (প্রো-ভিসি) এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) মহোদয় বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে বার্তা পাঠিয়েছি। সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে কমানো, শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে সমাবর্তনের গাউন স্থায়ীভাবে প্রদান করা এবং সমাবর্তনের দিন মানসম্মত খাবার সরবরাহের সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে।’
মুসাদ্দিক আলী প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের আবেগের এই সমাবর্তনকে পুঁজি করে কোনো ধরনের গলাকাটা বা বাণিজ্যিক ফি নির্ধারণ করা চলবে না। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মেনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
উল্লেখ্য: ৫৪তম সমাবর্তনে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফিস নিম্নেক্তোভাবে নির্ধারণ করা হলো: ২০২৭ সনে অনুষ্ঠেয় ৫৪তম সমাবর্তনে ফিসের হার— ক. স্নাতক (পাস ও অনার্স/সম্মান/ফিজিওথেরাপি/হেলথ টেকনোলজী ও বিএসসি ইন নার্সিং সহ অন্যান্য) গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফিস বাবদ টাঃ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) মাত্র; খ. স্নাতকোত্তর (মাস্টার্স/সম্মান) রেজিস্ট্রেশন ফিস বাবদ টাঃ ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র; গ. এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস/এমডি/এমফিল (মেডিকেল), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স-সহ অন্যান্যদের রেজিস্ট্রেশন ফিস বাবদ টাঃ ৬,০০০/- (ছয় হাজার) মাত্র; এবং ঘ. স্নাতকোত্তর (ইভিনিং/এক্সিকিউটিভ) ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন ফিস বাবদ টাঃ ৮,০০০/- (আট হাজার) মাত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন