প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি বড় শিপিং (নৌ-পরিবহন) নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওয়াশিংটনের দাবি, এই নেটওয়ার্কটি এর আগে ইরানের তেল বিক্রি ও অন্যান্য কার্যক্রমের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছিল। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ হোসেন শামখানির নেতৃত্বাধীন এই নেটওয়ার্কের ওপর নেওয়া নতুন পদক্ষেপগুলো মূলত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টারই অংশ।
এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘‘যে আর্থিক অবকাঠামোর ওপর ভর করে ইরান সরকার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ-পরিবহন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে চলেছে, আমরা তা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি।’’
নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। মার্কিন প্রশাসন জানায়, গত বছরের এবং চলতি বছরের এপ্রিল মাসে জারি করা নিষেধাজ্ঞার ধারাবাহিকতাতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যমতে, শামখানির অধীনে পরিচালিত এ পর্যন্ত ২০০-রও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সমস্ত সম্পদ অবরুদ্ধ (ব্লক) করা হবে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সাথে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করতে পারবে না।
তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন