প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে চারটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রত্যাহারের অনুমতি দিয়েছে দেশটির সিনেট। মঙ্গলবার, অভিশংসন আদালত হিসেবে দায়িত্ব পালনকারী সিনেট এই সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগটি বহাল রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বিচারপ্রক্রিয়ার ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুতার্তের প্রার্থী হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যেতে পারে।
জুলাই মাস থেকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুতার্তের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে আদালতে প্রমাণ উপস্থাপন করছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা, সংবিধান লঙ্ঘন, দুর্নীতি, ঘুষ এবং অন্যান্য গুরুতর অপরাধ।
মঙ্গলবার, প্রধান রাষ্ট্রপক্ষের আইনজীবী গারভিল লুইস্ত্রো আদালতকে জানান, তারা চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রত্যাহার করতে চান। তার বক্তব্য, দুতার্তেকে পদ থেকে সরানোর জন্য যে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য।
প্রত্যাহার করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে গোপন সরকারি তহবিলের অপব্যবহার, ঘুষ এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি ও পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক স্পিকারকে হুমকি দেওয়ার অভিযোগ।
লুইস্ত্রো আরও বলেন, একটি অভিযোগের ওপর মনোযোগ দিলে বিচারপ্রক্রিয়া সহজতর হবে। এতে সিনেট, অভিযুক্ত ব্যক্তি এবং সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সারা দুতার্তের দপ্তর এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
দুতার্তের আইনজীবী অভিযোগ প্রত্যাহারের এই সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করেছেন। তার বক্তব্য, অভিযোগগুলো প্রত্যাহার করায় তাদের পক্ষ থেকে ওই বিষয়গুলোতে বক্তব্য ও প্রমাণ তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত হবে।
এর আগে, অভিশংসন আদালত সিদ্ধান্ত দিয়েছিল যে, দুতার্তেকে দোষী সাব্যস্ত করার বিষয়ে ভোট দেওয়ার সময় শুধুমাত্র বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে সক্ষম সিনেটরদের গণনায় ধরা হবে। এর ফলে, তাকে দোষী সাব্যস্ত করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হতে পারে।
দোষী সাব্যস্ত হলে সারা দুতার্তে সরকারি পদে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হতে পারেন। এ ক্ষেত্রে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন