প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে, এক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালকের সহকারী ও ১ জন যাত্রী রয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকার ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতদের মধ্যে আছেন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার নয়ন (৩৮)। নয়ন নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহতের নাম মাসুদুর রহমান (৩৮), যিনি একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রীজের উত্তর পাশে একটি পাথর বোঝাই ট্রাক, দুইদিন আগে সাইডের ওয়ালে ধাক্কা দিলে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। এছাড়াও বাসের অন্তত ৭ জন যাত্রী আহত অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দু’জনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাস এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। একই সাথে মহাসড়কে বিকল যানবাহন নিরাপদভাবে সরিয়ে রাখা এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন