প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যেখানে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ফটিকছড়ি থানার এসআই মো. মুজিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানাধীন বক্তপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় সড়কে মশাল মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১১টার দিকে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, কয়েকজন ব্যক্তি হাতে বাঁশের তৈরি মশাল নিয়ে মিছিল করছেন। পুলিশ উপস্থিত হলে তারা মশাল ও টায়ার ফেলে বিভিন্ন দিকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে পোড়া টায়ারের অংশবিশেষ এবং তিনটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে স্লোগান দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জনমনে আতঙ্ক ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করছিলেন।
মামলায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজালাল জনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক জুবাইদা সরোয়ার চৌধুরী নিপা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম মোরশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মামলার পরবর্তী সময়ে একজন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ফটিকছড়িতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না এবং এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতে দেওয়া হবে না।
এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের জুন মাসেও ফটিকছড়িতে মশাল মিছিলকে কেন্দ্র করে ২৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন