প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামো অনুযায়ী সকাল থেকে দলে দলে তাদের কর্মস্থলে ফিরে এসে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলজুড়ে কর্মব্যস্ততা ও স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি, এসআরবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নতুন মজুরি কাঠামো মেনে নেওয়া শ্রমিকরা জানান, মজুরি বাড়ানোর সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। কারখানা কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। টানা কয়েক সপ্তাহ আন্দোলন ও বিক্ষোভের পর শ্রমিকরা মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে কাজে যোগদান করেছেন। তবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে।
বেতন বাড়ানোর দাবিতে গত ২৭ অক্টোবর একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোনাবাড়ি, ভোগড়া, নাওজোর, সালনা, বাগের বাজার, মালেকের বাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করাসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন তারা ক্ষতি পুষিয়ে নিতে কাজ করবেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে অন্যান্য কারখানাগুলো উৎপাদনে ফিরে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন