প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ৭৪ জন বিশিষ্ট নাগরিক দেশ এবং বিদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী এবং পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।
বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এসব সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন।
এছাড়া, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
একই সময়ে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিশিষ্ট নাগরিকেরা তাদের বিবৃতিতে বলেন, এসব হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংসতার রাজনৈতিক দায় আওয়ামী লীগের ওপরই বর্তায়।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিপন্ন করার এই প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।
সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন আখতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. শামীমা তাসনিম এবং অধ্যাপক ড. এম. মাসুদ সরকার।
এছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাকিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিন এবং ব্যারিস্টার আল মামুন রাসেল।
এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবীরা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন