প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ৪১৬ বছর উদযাপন উপলক্ষে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শিরোনামে আয়োজিত এ শোভাযাত্রায় পুরান ঢাকার নানা ঐতিহ্য ও ইতিহাস উঠে আসে।
শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। হাজারো মানুষের অংশগ্রহণে এটি লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, রায়সাহেব বাজার ও তাঁতীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়।
বর্ণিল এই আয়োজন দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিভিন্ন সাজসজ্জায় তরুণ তরুণী ও শিশু কিশোরদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, পুরোনো দিনের যানবাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ বড় পরিসরে তুলে ধরা হয়। প্রদর্শিত স্থাপনাগুলোর মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেট।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ব্যক্তিত্বদের রূপায়ণ। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলারাগ রায়, নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির আদলে সাজেন অংশগ্রহণকারীরা। এতে ঢাকার অতীত ইতিহাস যেন শোভাযাত্রার মধ্যেই জীবন্ত হয়ে ওঠে।
পুরান ঢাকার খাবারের ঐতিহ্যও ছিল আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। বাকরখানি, হাজী ও নান্না বিরিয়ানি এবং বিউটি লাচ্ছির প্রতিকৃতির পাশাপাশি স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির মতো পুরোনো দিনের বাহন প্রদর্শন করা হয়।
শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী এবং পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করাই এই আয়োজনের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নগরবাসী এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করা হয়েছে। এ আয়োজনে নগরবাসী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন