প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষার স্যাম্পল গোপনে নাম-পরিচয়হীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চলে যাচ্ছে। রিপোর্টের ভিত্তিতে রোগীদের চিকিৎসা চলছে, যা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। গাইনি, মেডিসিন, সার্জারি ও জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানে একাধিক দালাল চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসক, ওয়ার্ড বয় এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীরা এর সঙ্গে জড়িত।
রোগীর চিকিৎসার ধরন পরীক্ষার রিপোর্টের ওপর অনেকটাই নির্ভর করে। ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসা হতে পারে, এমনকি রোগীর মৃত্যু ঘটতে পারে। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।
অসাধু চক্রের কবলে পড়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল থেকে রোগীদের পরীক্ষার স্যাম্পল কীভাবে পাচার হচ্ছে, সে বিষয়টি অনুসন্ধানে উঠে এসেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে পুরুষদের প্রবেশ নিষেধ হলেও রাত ১১টার সময় চিকিৎসকদের চেম্বারে কয়েকজন যুবক বসে আছেন। রোগীর স্বজনদের হাতে পরীক্ষার জন্য চিরকুট ধরিয়ে দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকের সামনেই দালালরা এসে স্বজনদের কাছ থেকে পরীক্ষার কাগজ গ্রহণ করছেন।
রাত ৩টা। গাইনি ওয়ার্ডে সময় সংবাদ। এক প্রসূতি নারীর স্বামীর কাছ থেকে ২ হাজার ৪৫০ টাকা নিচ্ছেন এক যুবক। রোগীর এক স্বজন জানান, ‘পরীক্ষাগুলোর জন্য বাড়তি টাকা দিতেই হচ্ছে। এসব ডাক্তাররাই করাচ্ছে।’
যুবকদের মুখোমুখি হয়ে সময় সংবাদ তাদের পরিচয় জানতে চায় এবং প্রশ্ন করে, কীসের টাকা নিচ্ছেন এবং রক্তের স্যাম্পল কোথায় পেয়েছেন। এক দালাল জানান, ‘আমরা জরুরি পরীক্ষা করাই। জরুরি হলে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যায়। পান্থপথে নিয়ে গিয়ে এসব পরীক্ষা করানো হয়। সেখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারা দিনে ও রাতে আলাদা শিফটে কাজ করে। আশপাশে এসব প্রতিষ্ঠানের অনেক মালিকও আছেন। তারা এসে সহকারী অধ্যাপক বা অধ্যাপকদের সঙ্গে কথা বলেন। ঢাকা মেডিকেলের প্রতিটি ওয়ার্ডেই এসব কার্যক্রম চলে।’
কীভাবে ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসকদের চেম্বারে বসে থাকছেন তারা? পরীক্ষার স্যাম্পল কেন দালালদের হাতে তুলে দেওয়া হচ্ছে? এক চিকিৎসক বলেন, ‘তাদের নিজস্ব ল্যাব রয়েছে, সেখান থেকেই জরুরি পরীক্ষাগুলো করিয়ে আনে।’
চিকিৎসকদের কথার সূত্র ধরে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো দেখতে যায় সময় সংবাদ। সরেজমিনে দেখা যায়, পান্থপথ ও গ্রিন রোডের একটি চারতলা মার্কেট বাইরে থেকে বন্ধ। নিচের কাঁচের গেটে ঝুলছে তালা। তবে ভবনের দ্বিতীয় তলায় একটি ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন