প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ফুটপাত ও প্রধান সড়কগুলোতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন।
আজ বুধবার বেলা ১২টার দিকে তিনি উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার হকারদের অবস্থান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি অননুমোদিতভাবে ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে হকারদের কারণে পথচারীদের চলাচলের বিঘ্ন ঘটার খবর পেয়ে প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, করপোরেশন অনুমোদিত নির্দিষ্ট স্থান ছাড়াও বেশ কিছু পয়েন্টে হকাররা সড়ক ও পথচারীদের হাঁটার ফুটপাত দখল করে দোকানপাট বসিয়েছে।
অনুমোদিত জায়গার বাইরে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাট দেখে ডিএনসিসি প্রশাসক তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সঙ্গেই তা উচ্ছেদ করার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেন, "কোনো অবস্থাতেই জনগণের চলাচলের পথ অবরুদ্ধ করতে দেওয়া হবে না।"
তিনি নির্দেশ দেন, কেউ যেন পুনরায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে অস্থায়ী দোকান বা পসরা বসাতে না পারে। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি চালানোর পাশাপাশি কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। ফুটপাতকে স্থায়ীভাবে দখলমুক্ত রেখে সাধারণ নগরবাসীর স্বস্তি বজায় রাখতে এ ধরনের ঝটিকা পর্যবেক্ষণ ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন