প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ফরিদাবাদ কারাগারে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের মৃত্যু ঘটেছে গত ১৩ নভেম্বর। পুলিশি হেফাজতে নির্মম মারধর এবং কারাবন্দী অবস্থায় নির্যাতনের অভিযোগ উত্থাপনের কয়েক দিন পর তার মৃত্যু হয়। এই ঘটনাটি গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং মৃত্যুর আগে তার ওপর চালানো আচরণ নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে।
নিহত যুবকের নাম রেহান, যিনি উত্তর প্রদেশের আমরোহা জেলার বাসিন্দা ছিলেন। ১ কোটি ৪ লাখ রুপির একটি কথিত ডাকাতির মামলায় ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করে। তবে তার পরিবার দাবি করেছে যে, রেহানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।
রেহানের চাচা নওশাদ ফোয়েজ মিডিয়া এবং মিল্লাত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, হেফাজতে থাকাকালে পুলিশ সদস্যরা রেহানকে মারধর করেছেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তারা প্রথমে পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে জিজ্ঞাসাবাদ শেষে রেহানকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নওশাদ আরও দাবি করেন যে, ফরিদাবাদে গ্রেপ্তারের পর পুলিশ রেহানকে আমরোহায় নিয়ে যায় এবং সেখানে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মিল্লাত টাইমসকে তিনি বলেন, “ওই ঘটনার সময় আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। রেহানের ভাই কাশিফের পাঁজরের হাড় ভেঙে যায় এবং অন্যান্য স্বজনরাও আঘাত পান। ওই ঘটনার পর থেকে রেহানের বাবা কানে কম শুনতে শুরু করেন।”
পরিবারটি অভিযোগ করেছে যে, ক্রাইম ব্রাঞ্চ তাদের কাছে প্রায় ১৮ লাখ ৮০ হাজার রুপি দাবি করেছিল এবং টাকা না দিলে পরিবারের অন্য সদস্যদেরও মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিল। নওশাদের তথ্যমতে, রেহানের বাবা আব্দুল সাত্তার নিজেদের চার বিঘা জমি বিক্রি করে ওই টাকার ব্যবস্থা করেন। এই কথিত অর্থ লেনদেনের সঙ্গে পুলিশ কর্মকর্তা দারা সিংয়ের নামও জড়িয়েছে পরিবারটি।
পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। মিল্লাত টাইমসকে দেওয়া বক্তব্যে স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমিত কুমার বলেন, “ফরিদাবাদের সিবিআই (ক্রাইম ব্রাঞ্চ) দল রেহানকে আমরোহায় নিয়ে এসেছিল এবং পরে চলে যায়।” তিনি মারধরের যে দাবি পরিবার করেছে, তা নিশ্চিত করেননি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ দারা সিংও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে পরিবারের দাবিগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। রেহানের পরিবার জানিয়েছে, মৃত্যুর কয়েক দিন আগে কারাগার থেকে রেহান তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
পরবর্তীতে পরিবারটি তার সুচিকিৎসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। পরিবারের দাবি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ তার চিকিৎসার অনুমতিও পাওয়া গিয়েছিল। কিন্তু এরই মধ্যে গত ১৩ নভেম্বর কারাগার থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে রেহান মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে এবং পরিবার বর্তমানে প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। রেহানের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন