প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এই ঘটনা ঘটে।
নিহত এন্দাজ মিয়া কাশিয়াবাড়ি গ্রামের মৃত গহর উদ্দিনের পুত্র। অভিযুক্ত মানিক মিয়া কাশিয়াবাড়ি গ্রামের নুর ইসলামের সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কাশিয়াবাড়ি বাজারে সাপখেলা চলছিল। এসময় সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে উপস্থিত দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি ধাক্কাধাক্কি ও ঘুষি মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মানিক মিয়া (৪৫) এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেকের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়ান। পরে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে খবর পেয়ে এন্দাজ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় মানিক মিয়া তার ওপর চড়াও হয়ে ঘুষি মারেন।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক বলেন, ‘সামান্য বিষয়কে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে আমার বাবাকে তারা হত্যা করেছেন।
স্বামীকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মালেকা খাতুন বলেন, ‘মানুষটা ভাত খেয়া এলায় (এইমাত্র) বাজার গেইল। কায়বা (কিছুক্ষণ) আসি কইছিল, ক্যাথা বালিশ ধরি বাজার চল। তোমার স্বামী এই দুনিয়াত আর নাই।’
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘বিষয়টি সত্যিই দুঃখজনক। এখন মানুষ যেন মানুষ নেই। সামান্য বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনা মেনে নিতে কষ্ট হয়।’
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে। বাদীপক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন