প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডায়নারপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুলাল মিয়ার বাড়িতে যাতায়াতের প্রধান রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে নূরনবী মিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই টিনের বেড়ায় বিদ্যুতের সংযোগ জড়িয়ে রাখার অভিযোগও উঠেছে। এতে ছোট শিশু, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুলাল মিয়ার বাড়িতে যাতায়াতের রাস্তা টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই বেড়ার সঙ্গে বিদ্যুতের তারও জড়িয়ে রাখা হয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, “সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে বিরোধ থাকতেই পারে। তাই বলে পূর্বপুরুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেবে? আমি এখন নিজের বাড়িতেই যেতে পারছি না। আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করা হয়েছে। দেশে কি আইন নেই, বিচার নেই? বিদ্যুতের সংযোগ থাকায় এলাকাবাসীও রাস্তা খুলে দেওয়ার বিষয়ে সাহস পাচ্ছেন না। আমি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে নূরনবী মিয়া বলেন, “দুলাল মিয়া এতদিন যে রাস্তা দিয়ে চলাচল করতেন, সেটি আমার নিজস্ব জমি। তাঁর সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। তাই আমার জায়গা আমি বন্ধ করেছি। এ বিষয়ে সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত রাস্তা খুলব না। আমি এর শেষ দেখতে চাই।” তিনি আরও দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে পাঁচটি মামলা চলমান রয়েছে।
এলাকাবাসী জানান, ব্যক্তিগত বিরোধ কিংবা মামলা থাকতেই পারে। কিন্তু এভাবে চলাচলের রাস্তা বন্ধ করে টিনের বেড়ায় বিদ্যুতের সংযোগ রাখা অত্যন্ত বিপজ্জনক। এতে পথচারী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যুৎ সংযোগের বিষয়টি তদন্ত, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের নিষ্পত্তি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন