প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফর্মুলা ওয়ানের কাতার গ্রাঁ প্রিতে নতুন টায়ার ব্যবহারের নিয়ম কার্যকর করা হয়েছে। লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এবারের রেসে চালকরা এক সেট টায়ার ব্যবহার করে সর্বাধিক ২৭ ল্যাপ চালাতে পারবেন। ৫৭ ল্যাপের এই রেসে, প্রত্যেক চালককে অন্তত দুইবার পিটস্টপ নিতে হবে। টায়ারের অতিরিক্ত ক্ষয় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই নিয়মটি চালু করেছে ফর্মুলা ওয়ানের টায়ার সরবরাহকারী প্রতিষ্ঠান পিরেলি।
গত বছর কাতার গ্রাঁ প্রিতে টায়ার ব্যবহারের জন্য ল্যাপ-সীমা ছিল। তবে এবার তা ২৫ থেকে বাড়িয়ে ২৭ করা হয়েছে। ২০২১ সালে লুসাইল সার্কিটে প্রথম গ্রাঁ প্রি আয়োজনের পর এটি তৃতীয়বারের মতো এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে। ২০২১ সালে রেস চলাকালে টায়ার পাংচারের ঘটনা এবং ২০২৩ সালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আগেও এই নিয়ম চালু করা হয়েছিল।
পিরেলির ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান প্রজন্মের গাড়িগুলোতে তুলনামূলক কম লোড তৈরি হওয়া এবং টায়ারের গঠন আরও শক্তিশালী হওয়ার কারণে এবার সীমা বাড়ানো সম্ভব হয়েছে। তবে লুসাইল সার্কিটের বিশেষ বৈশিষ্ট্যের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিয়মটি বহাল রাখা হয়েছে। উচ্চগতির কর্নার, টায়ারের ওপর তাপীয় চাপ এবং ট্রেডের ক্ষয়—সব মিলিয়ে সার্কিটটি টায়ারের জন্য বেশ চ্যালেঞ্জিং।
নিয়ম অনুযায়ী, গ্রিডে যাওয়ার পথে, ফরমেশন ল্যাপে এবং রেস শেষ হওয়ার পর চেকার্ড পতাকা অতিক্রমের পরের ল্যাপগুলো ২৭ ল্যাপের হিসাবে ধরা হবে না। তবে বিভিন্ন ট্র্যাক সেশনে একই সেট টায়ার ব্যবহার করলে সব সেশনের ল্যাপ একসঙ্গে যোগ হবে। অর্থাৎ, কোনো চালক যদি কোয়ালিফাইংয়ে একটি সেট টায়ার দিয়ে তিন ল্যাপ চালান এবং রেসেও সেই টায়ার ব্যবহার করেন, তাহলে রেসে সর্বাধিক আরও ২৪ ল্যাপ চালানোর সুযোগ পাবেন।
কেন এই নিয়ম?
স্কাই স্পোর্টস এফ১-এর বিশ্লেষক ও অ্যাস্টন মার্টিনের সাবেক রেস স্ট্র্যাটেজি প্রধান বার্নি কলিন্সের ব্যাখ্যা অনুযায়ী, লুসাইল একটি উচ্চগতির সার্কিট। অতীতে ট্র্যাকের কিছু কার্বের ধারালো প্রান্ত টায়ারের সাইডওয়ালে কেটে যাওয়ার ঝুঁকি তৈরি করেছিল। ২০২৩ সালে এ কারণে এক সেট টায়ারে সর্বাধিক ১৮ ল্যাপের সীমা দেওয়া হয়েছিল।
সেই বছর অক্টোবরে অনুষ্ঠিত রেসে তীব্র গরম পরিস্থিতিও চালকদের জন্য বাড়তি সমস্যা তৈরি করে। পরে ট্র্যাক থেকে সবচেয়ে ধারালো কার্বের অংশগুলো সরিয়ে ফেলা হয়। ২০২৪ সালে টায়ারের ক্ষতি কমে যাওয়ায় দলগুলো একবার পিটস্টপের কৌশল নেওয়ার চেষ্টা করে। কিন্তু উচ্চগতির কারণে টায়ারের উপরিভাগে প্রচুর ক্ষয় হচ্ছিল। পিরেলি সেই ক্ষয়কে গ্রহণযোগ্য মনে না করায় ২০২৫ সালে ২৫ ল্যাপের সীমা চালু করে। এবার তা বাড়িয়ে ২৭ করা হয়েছে।
রেস কৌশলে কী প্রভাব পড়বে?
এবারের কাতার গ্রাঁ প্রি স্প্রিন্ট উইকেন্ড নয়। ফলে দলগুলোর হাতে মিডিয়াম ও হার্ড টায়ারের পর্যাপ্ত সেট থাকার কথা। কলিন্সের ধারণা, দলগুলো অনুশীলনে হার্ড টায়ার পরীক্ষা করলেও রেসের জন্য অন্তত একটি সেট সংরক্ষণ করবে। কিছু দল দুটি সেটও রেখে দিতে পারে।
তাঁর মতে, ২৭ ল্যাপের সীমা রেস কৌশলকে খুব বেশি সংকুচিত করবে না। ৫৭ ল্যাপের রেসে দুইবার পিটস্টপের বিভিন্ন সম্ভাবনা থাকছে। সবচেয়ে আগে তৃতীয় ল্যাপে পিটস্টপ করেও দুইবার পিটস্টপের কৌশল অনুসরণ করা সম্ভব। সে ক্ষেত্রে প্রথম সেটে তিন ল্যাপ, পরের দুই সেটে ২৭ ল্যাপ করে চালানো যাবে।
তবে শুরুতেই সেফটি কার এলে কৌশলে পরিবর্তন আসতে পারে। কাতারে পিটস্টপে সময়ের ক্ষতি প্রায় ২৬.৫ সেকেন্ড। তাই টায়ারের ক্ষয় কম থাকলে সেফটি কারের সময় পিটস্টপ নেওয়া লাভজনক হতে পারে। ২০২৫ সালের রেসে সপ্তম ল্যাপে সেফটি কার আসার সময় ম্যাকলারেনের চালক অস্কার পিয়াস্ত্রিকে পিটে না ডাকার সিদ্ধান্ত নিয়ে দলটি পরে পজিশন হারিয়েছিল। কলিন্সের মতে, এবার তৃতীয় ল্যাপেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
কোনো দল কি বাড়তি সুবিধা পাবে?
নতুন নিয়মে কোন দল সুবিধা পাবে বা কারা পিছিয়ে পড়বে, তা আগেভাগে বলা কঠিন বলে মনে করেন কলিন্স। আগের বছরগুলোর মতো এবার কোনো নির্দিষ্ট দল টায়ারের ক্ষয় নিয়ে অন্যদের তুলনায় বেশি সমস্যায় পড়ছে—এমন প্রমাণ নেই। তাই নিয়মটি কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছেন না তিনি।
সব মিলিয়ে, ২৭ ল্যাপের সীমা কাতার গ্রাঁ প্রিতে টায়ার ব্যবস্থাপনা ও পিটস্টপ কৌশলকে গুরুত্বপূর্ণ করে তুলবে। তবে ২০২৩ সালের মতো অতিরিক্ত কঠিন পরিস্থিতি কিংবা গত বছরের মতো একবার পিটস্টপের সম্ভাবনাও থাকছে না। দলগুলোর জন্য চ্যালেঞ্জ হবে টায়ারের স্থায়িত্ব, ট্র্যাকের তাপমাত্রা ও সেফটি কারের পরিস্থিতি বিবেচনায় সঠিক সময়ে পিটস্টপ নেওয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন