প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনে তিন বেলা নিয়মিত খাবার গ্রহণ করার পরও অনেকের মধ্যে ক্লান্তি ও অবসাদ বিরাজ করে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সমস্যা লক্ষণীয়। এটি বোঝা উচিত যে, পর্যাপ্ত খাবার খেলে শরীর সব প্রয়োজনীয় পুষ্টি পায় বা সারাদিন কর্মক্ষম থাকে, বিষয়টি সঠিক নয়। খাদ্যাভ্যাসের পাশাপাশি ঘুম, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাবও এই সমস্যার জন্য দায়ী হতে পারে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর লাইফস্টাইলবিষয়ক প্রতিবেদনে চেন্নাইয়ের অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৌম্য মুরালিকুমারন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ডা. সৌম্য মুরালিকুমারন জানিয়েছেন, দিনে তিন বেলা খাবার খাওয়া মানে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া নয়। খাবার থেকে ক্যালরি পাওয়া গেলেও শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকতে পারে। ঘুমের অভ্যাস, মানসিক চাপ, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং শারীরিক নিষ্ক্রিয়তা শক্তির মাত্রায় প্রভাব ফেলে।
ক্লান্তির পেছনে থাকতে পারে যে ৪ কারণ
১. খাবারে পুষ্টির ভারসাম্য না থাকা
যদিও পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া হয়, তবে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। পরিশোধিত শর্করা, মিষ্টি এবং ফাস্ট ফুডের ওপর নির্ভরশীল খাদ্যাভ্যাসে ক্যালরি পাওয়া গেলেও প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি-এর অভাব থাকতে পারে। অতিরিক্ত পরিশোধিত শর্করাযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে পরে কমে যেতে পারে, যা ক্ষুধা ও ক্লান্তির অনুভূতি সৃষ্টি করে।
এই সমস্যা এড়াতে খাবারে প্রোটিন, আঁশযুক্ত শর্করা, স্বাস্থ্যকর চর্বি, ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করা জরুরি।
২. পর্যাপ্ত ঘুম না হওয়া
অনিয়মিত ঘুমের সময়সূচি এবং রাতে দীর্ঘক্ষণ মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের পর্দার দিকে তাকিয়ে থাকা ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম না হলে সারাদিন ক্লান্তি, মনোযোগের অভাব এবং কাজে অনীহা দেখা দিতে পারে।
৩. দীর্ঘস্থায়ী মানসিক চাপ
পড়াশোনার চাপ, কর্মক্ষেত্রের ব্যস্ততা অথবা দৈনন্দিন দায়িত্বের কারণে তৈরি হওয়া মানসিক চাপ শরীর ও মন—দুই ক্ষেত্রেই ক্লান্তি বৃদ্ধি করতে পারে। দীর্ঘকাল মানসিক চাপের মধ্যে থাকলে ঘুম ও ক্ষুধার স্বাভাবিক নিয়মে পরিবর্তন আসতে পারে, ফলে মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি ক্লান্তির একটি চক্র তৈরি হয়।
৪. শারীরিক পরিশ্রমের অভাব
দীর্ঘক্ষণ বসে কাজ করা কিংবা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে গিয়ে অনেকের দৈনন্দিন শারীরিক চলাফেরা কমে যায়। নিয়মিত শরীরচর্চা না করলে ধীরে ধীরে শারীরিক সহনশীলতা কমতে পারে। ফলে সামান্য কাজ করলেও ক্লান্তি অনুভূত হয়।
ক্লান্তি কমাতে যেসব অভ্যাস গড়বেন
শরীরে শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখতে দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডা. সৌম্য মুরালিকুমারন।
তিনি জানিয়েছেন, খাবারে প্রোটিন, জটিল শর্করা, স্বাস্থ্যকর চর্বি, শাকসবজি এবং ফলের ভারসাম্য রাখতে হবে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। রাতে ঘুমানোর আগে ইলেকট্রনিক যন্ত্রের পর্দা ব্যবহার কমানোও জরুরি।
শারীরিকভাবে সক্রিয় থাকতে প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা যেতে পারে। দিনের কাজের ফাঁকে ছোট বিরতি নেওয়া, গভীর শ্বাস নেওয়া এবং কিছু সময়ের জন্য পর্দা থেকে দূরে থাকলে মানসিক চাপ কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।
তবে পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও যদি দীর্ঘদিন ক্লান্তি থাকে, তবে বিষয়টি অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন