ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনব্যাপী ভর্তি মেলা


উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনব্যাপী ভর্তি মেলা

শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও উচ্চশিক্ষার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা প্রদানের উদ্দেশ্যে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)’-এর আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় ইউনিভার্সিটির স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। এই ১৬ দিনব্যাপী আয়োজন চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসাথে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী: ২৪ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে

তিনি আরো বলেন, আমি অভিভাবকদের বলব আপনারা আমাদের ইউনিভার্সিটির সবকিছু জানবেন। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আছি আপনার সন্তানের পাশে এবং আপনাকে পরামর্শ দেবার জন্য আর আপনাদের পরামর্শ নেবার জন্য।

উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, ‘ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।’

উত্তরা ইউনিভার্সিটির অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের একটি ঐতিহ্য। সময়ের সাথে তাল মিলিয়ে উত্তরা ইউনিভার্সিটি আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া একই ছাদের নিচে শিক্ষার্থীদের সব ধরনের ভর্তি কার্যক্রম সহজে সম্পন্ন করাই আমাদের উদ্দেশ্য।’

আয়োজকরা জানান, মেলায় ৫টি স্কুলের অধীনে ইউনিভার্সিটির ১৪টি বিভাগের আলাদা স্টলের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রাখা হয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পাচ্ছেন ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, তাৎক্ষণিক ভর্তির জন্য ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।

আরও পড়ুন: বেরোবিতে উপাচার্যের দপ্তরে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িকভাবে বহিষ্কার

মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং উত্তরা ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা করলেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা করলেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অভিনেতা সি. জোসেফ বিজয় পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির (প্যাটার্নিটি লিভ) ঘোষণা করেছেন। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, এই ঘোষণা তিনি করেন। রাজ্যের পুরুষ কর্মচারীদের জন্য সন্তানের লালন-পালনের সুবিধার্থে এই প্রথমবারের মতো এমন ছুটির ব্যবস্থা চালু করা হলো।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্তানের যত্ন নেওয়া পুরুষদের জন্যও অত্যন্ত জরুরি। এই বিবেচনায় বিবাহিত পুরুষ কর্মচারীরা এখন থেকে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পুরুষদের জন্য এই নতুন ছুটির সুবিধা কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। কর্মচারীরা সন্তানের জন্মের ১৫ দিন আগে অথবা সন্তানের জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ১৫ দিনের ছুটি গ্রহণ করতে পারবেন।

সরকার আরও জানিয়েছে, পুরুষ কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটির দাবি উঠছিল। তাদের সেই আবেদনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণিসম্পদ উন্নয়নে কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন সম্ভব: ডিসি অন্নপূর্ণা দেবনাথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


প্রাণিসম্পদ উন্নয়নে কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন সম্ভব: ডিসি অন্নপূর্ণা দেবনাথ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, প্রদর্শনী স্টল পরিদর্শন এবং আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভোকেশনাল মোড় এলাকায় অবস্থিত জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর অতিথিরা প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসব স্টলে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, আধুনিক পশুখাদ্যের নমুনা এবং প্রাণিসম্পদ বিষয়ক নানা তথ্য প্রদর্শিত হয়।

প্রদর্শনী শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলা কৃষি ও প্রাণিসম্পদে উদ্বৃত্ত একটি জনপদ। জেলার ১৬টি নদ-নদীর চরাঞ্চলে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয়। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে চরবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও উন্নত করার মাধ্যমে কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন সম্ভব। খামারি ও সাধারণ মানুষের প্রাণিসম্পদ উন্নয়নে সরকার সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জেলার প্রাণিসম্পদ ও খামারের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট গরু ৯ লাখ ২৩ হাজার ১৪টি, মহিষ ১১ হাজার ১৪৫টি, ছাগল ৬ লাখ ৪৫ হাজার ১২৬টি, ভেড়া ১ লাখ ৪৯ হাজার ২৭৪টি, গাড়ল ৩০১টি, শুকর ১ হাজার ১৩১টি এবং ঘোড়া ৩ হাজার ২১৬টি রয়েছে। এ ছাড়া মুরগি ৫১ লাখ ৬৫ হাজার ৫১৯টি, হাঁস ১৪ লাখ ৭০ হাজার ৫৪টি, কবুতর ২ লাখ ১২ হাজার ৬৭৮টি, রাজহাঁস ১২ হাজার ৭৩৪টি, কোয়েল ৩৩ হাজার ৬১০টি এবং টার্কি ১০ হাজার ৪৩টি রয়েছে।

খামারের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, জেলায় গাভীর খামার ১ হাজার ৩১৩টি, মহিষের খামার ৬৭টি, ছাগলের খামার ২ হাজার ৭৪টি, ভেড়ার খামার ৪৪৫টি, গাড়লের খামার ৫টি, শুকরের খামার ১০টি, হাঁসের খামার ১৫২টি, লেয়ার মুরগির খামার ১৯৯টি, ব্রয়লার মুরগির খামার ৭১২টি, সোনালী মুরগির খামার ১২২টি, টার্কির খামার ৭২টি, কবুতরের খামার ৩৬৩টি এবং কোয়েল পাখির খামার ১৭টি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) তারিখে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে এই বদলির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আদেশের প্রেক্ষিতে, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে। সেখানে তিনি সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। এই কর্মসূচিটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পোস্ট অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা দেলওয়ার হোসাইন, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমির এডভোকেট আনোয়ার হোসেন, জেলা নেতা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, মাওলানা জাকিরুল ইসলাম খান, সদর থানা আমির মো. ফজলুল হক এবং পৌর জামায়াতের আমির হুমায়ুন কবির।

বক্তারা উল্লেখ করেন, দেশের সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাঁরা ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিরোধে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পথ বন্ধ হবে। এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%