ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আদেশ অপেক্ষমাণ


ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আদেশ অপেক্ষমাণ

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদন পরবর্তী শুনানি শেষে আদালত এ বিষয় আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

সোমবার (৮ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে আদালতে মামলার আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

মামলার অভিযুক্তরা হলেন— সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

এ সময় মামলার বাদী কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিগত সরকার বর্তমান সরকারকে বিপদে ফেলতে এমন পরিস্থিতি সৃষ্টি করে গেছেন। এর ফলে হামের টিকা না পেয়ে দেশে অনেক শিশু মারা গেছে। আমার এলাকায় প্রায় অনেক শিশু মৃত্যুবরণ করেছে।

সেই দায়বদ্ধতা থেকে আমি আজকে আদালতে মামলার আবেদন করেছি। এখন আদালত পরবর্তী আদেশ দেবেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, বাংলাদেশে শিশু জন্মের পর সংক্রামক রোগ প্রতিরোধে সরকারিভাবে হাম ও রুবেলার টিকা নিয়মিত ও বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়। তবে ১নং আসামি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশে নিয়মিত টিকা আমদানির যে প্রচলিত প্রক্রিয়া ছিল, তা আসামিদের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ দেড় বছর সময়ক্ষেপণ করা হয়, যার ফলে দেশে টিকার তীব্র সংকট দেখা দেয়।

অভিযোগে আরো বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স (যিনি মামলার ২নং সাক্ষী) গত ২০ মে তারিখে গণমাধ্যমে জানান যে, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকটের বিষয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগকে ১ থেকে ৫নং আসামির দপ্তরের ৫/৬টি চিঠির মাধ্যমে আগেই সতর্ক করা হয়েছিল। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আমদানি প্রক্রিয়া বন্ধ না করার অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু আসামিরা ক্ষমতার অপব্যবহার ও চরম অবহেলা প্রদর্শন করে সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি।

টিকা না পাওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করে। মামলার আরজিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সরকারি হিসাব অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ৪ জুন তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। টিকার অভাবে সরকারি তথ্যমতেই দেশে প্রায় ৬১০ জন কোমলমতি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে এবং প্রায় ৭৫,৭০০ শিশু শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগে নির্দিষ্টভাবে কতিপয় শিশুর মৃত্যুর বিবরণ দিয়ে বলা হয়, বিগত ২ জুন চট্টগ্রামের মীরসরাইয়ের হারুনুর রশিদ ও ইশরাত জাহান দম্পতির সন্তান আবদুল্লাহ আল ফাহিম এবং ২২ মে আবদুল্লাহ আল নোমান নামে আরেক শিশু ঢাকার হাসপাতালে মারা যায়। এছাড়া ২২ এপ্রিল জাফরজান ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির একমাত্র সন্তান ফাইয়াজ হাসান তাজিম ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

বাদী অভিযোগে উল্লেখ করেন, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও ভিআইপি ব্যক্তি হওয়ায় স্থানীয় বনানী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালত বরাবর দায়ের করার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে এই মামলার আবেদন করা হয়েছে। আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জেলহাজতে আটকে রাখার এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রার্থনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান দুইটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ইরান দুইটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে

ইরান জানিয়েছে যে তারা দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, তারা নেভাতিম এবং তেল নফে অবস্থিত দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা করেছে।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের তিনটি স্থানে বেশ কয়েকটি রাডার সাইটে ইসরায়েলের দ্বারা ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে, আমরা জানিয়েছিলাম যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েল তাদের বিমানবাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে খবর প্রচারিত হয়। তেহরান, তাবরিজ এবং ইসফাহান শহরে সেই সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মাহশাহরে অবস্থিত একটি ইরানি পেট্রোকেমিক্যাল স্থাপনার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার বিষয়টি আইডিএফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম উভয়ই নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে যে, পারস্য উপসাগরের উত্তর উপকূলের কাছে অবস্থিত এই স্থাপনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ক্ষয়ক্ষতি এবং ‘সম্ভাব্য হতাহতের’ বিষয়ে আরো বিশদ পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আমির আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল করিম সাবু হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি ফরহাদাবাদ ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানানো হয়, ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার কারণে সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদ পাওয়ার পর মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার সকাল ১১টার দিকে জানান, গ্রেপ্তার আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন ঢাকা বিভাগের সেরা শিক্ষিকা হলেন হাফিজা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


এখন ঢাকা বিভাগের সেরা শিক্ষিকা হলেন হাফিজা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর চূড়ান্ত মূল্যায়নে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজা খানম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ৯৯ নং নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

ঢাকা বিভাগীয় বাছাই কমিটির মূল্যায়নে তাকে এই গৌরবময় মর্যদায় ভূষিত করা হয়।

এর পূর্বে, গোপালগঞ্জ জেলা বাছাই কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ মূল্যায়নে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা সেরার গৌরব অর্জনের পর বিভাগীয় পর্যায়েও তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এই গুণী শিক্ষক।

গত বুধবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাছাই কমিটির সদস্য সচিব প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজের স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য প্রকাশ পেয়েছে।

বিভাগীয় এই অনন্য অর্জনে গোপালগঞ্জের শিক্ষাঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঢেউ বইছে। সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীমহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দিষ্ট নির্দেশনা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সূচকের ওপর ভিত্তি করে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। একজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, শ্রেণীকক্ষে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন, ব্যক্তিত্ব, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, হাতের সুন্দর লেখা এবং শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও কাব স্কাউটিংয়ের মতো সৃজনশীল ক্ষেত্রে অনন্য অবদানের বিষয়টি প্রতিটি স্তরে যাচাই করা হয়।

প্রথমে ইউনিয়ন বা ক্লাস্টার পর্যায় থেকে যাচাই-বাছাই করে তথ্যপ্রমাণ উপজেলা কমিটিতে পাঠানো হয়। উপজেলা পর্যায়ে ভাইভা ও প্রামাণ্য দলিল যাচাই শেষে উপজেলা সেরা নির্বাচিত হন। এরপর জেলা কমিটির মূল্যায়ন পার হয়ে বিভাগীয় কমিটির চূড়ান্ত যাচাইয়ে ঢাকা বিভাগের মধ্যে সেরা হিসেবে শীর্ষস্থান অধিকার করেন হাফিজা খানম।

হাফিজা খানমের এই সফলতার যাত্রা এই প্রথম নয়। এর আগে তিনি ২০২২ এবং ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থানের গৌরব অর্জন করেছিলেন। ২০২৬ সালে এসে তিনি আগের সব রেকর্ড ভেঙে ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন।

এই গৌরবময় অর্জনে অনুভূতি প্রকাশ করে হাফিজা খানম বলেন, "যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দেয়। আমি আমার বিদ্যালয়ের প্রতিটি শিশুর মেধা ও মনন বিকাশে এবং গোপালগঞ্জ জেলাসহ দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার যৌথ প্রচেষ্টার ফল।"

হাফিজা খানমের এই যুগান্তকারী সাফল্যে ৯৯ নং নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, উপজেলা ও জেলা শিক্ষা অফিস এবং গোপালগঞ্জের সব স্তরের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা আশা প্রকাশ করেছেন, হাফিজা খানম জাতীয় পর্যায়েও ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে শ্রেষ্ঠত্বের অনন্য গৌরব নিয়ে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও কাজ করছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও কাজ করছে না

ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ অধিদফতরের চিকিৎসাসেবায় দামি ওষুধ, যন্ত্রপাতিসহ আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল থাকা সত্ত্বেও কোনো কাজে আসছে না। জেলা ও উপজেলাগুলোতে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মকর্তার পদ শূন্য থাকায় চরম সংকট এবং অনিয়মের মধ্য দিয়ে চলতে হচ্ছে প্রাণিসম্পদ অধিদফতরকে।

শুধুমাত্র খোঁজ নিয়ে জানা গেছে যে, ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ দফতরের অনুমোদিত ৬৮টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০ জন। বাকি ৩৮টি পদ শূন্য অবস্থায় রয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক, জেলা ভেটেরিনারি অফিসার, থেরিওজেনোলজিস্ট এবং বৈজ্ঞানিক কর্মকর্তার প্রতিটি পদ শূন্য হয়ে আছে।

চারটি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র দুইজন। এছাড়া উপজেলার প্রাণিসম্পদ সহকারীর চারটি পদে কেউ নেই। ১২ জন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে কর্মরত আছেন মাত্র ৬ জন। এই পরিস্থিতির ফলে জেলার একটি ও চার উপজেলার চারটি প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল পরিচালনায় বেশিরভাগ সময় একই স্থানে মাত্র দুই থেকে চারজন কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে।

অনুমোদিত পদের বিপরীতে অর্ধেকেরও কম জনবল থাকার কারণে নিয়মিত তদারকি, চিকিৎসা সেবা প্রদান এবং খামারিদের পরামর্শ দেওয়া বিঘ্নিত হচ্ছে। এর ফলে গৃহপালিত পশু থেকে শুরু করে খামারের গবাদিপশুদের চিকিৎসায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে খামারিদের।

অন্যদিকে জেলায় থাকা চারটি আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল, দামি ওষুধ ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো কার্যত কোনো কাজে আসছে না। জেলা সদরের বেশাইনখানের খামারি আব্দুল মালেক বলেন, তিনি কখনোই এই ভ্রাম্যমাণ হাসপাতাল দেখেননি। স্থানীয় চিকিৎসকের পরামর্শেই পশুর চিকিৎসাসেবা গ্রহণ করতে হচ্ছে।

সদরের পোনাবালিয়ার সাধারণ গৃহস্থ আবুল ফকির জানিয়েছেন, পশু চিকিৎসকদের সঙ্গে বছরে একবারও যোগাযোগ হয় না। তারা খোঁজ-খবরও রাখেন না। পশু অসুস্থ হলে গ্রামের বেসরকারি ডাক্তারই হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা।

এসব সমস্যার কথা স্বীকার করে ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোধ বরণ জয়ধর বলছেন, শূন্যপদ পূরণে জোর চেষ্টা চলছে। তবে, কম জনবল নিয়েও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%