ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরফশীতল সম্পর্কের মধ্যে দিল্লিতে এসসিও ফোরামে পাকিস্তানি মন্ত্রী ড. মুসাদিক মালিক


বরফশীতল সম্পর্কের মধ্যে দিল্লিতে এসসিও ফোরামে পাকিস্তানি মন্ত্রী ড. মুসাদিক মালিক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম 'সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম'-এ অংশগ্রহণের উদ্দেশ্যে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. মুসাদিক মাসুদ মালিক। এটি ২০২৩ সালের মে মাসের পর পাকিস্তানি ফেডারেল মন্ত্রীর প্রথম ভারত সফর, এবং ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটি প্রথম উচ্চপর্যায়ের সফর।

নয়াদিল্লির পুরানা কিলায় ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রস্তাব অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য হলো অঞ্চলটির অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপকে শক্তিশালী করা। ২০২৫ সালে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ধরনের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করেছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর আমন্ত্রণে ড. মালিক এই ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি সভ্যতাগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব এবং কূটনীতিতে পাকিস্তানের অবদান তুলে ধরবেন। এছাড়া, এসসিওতে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সভ্যতাগত ঐতিহ্যও তাঁর বক্তব্যে স্থান পাবে। 'সাংহাই স্পিরিট'-এর আলোকে সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে পাকিস্তানের প্রতিনিধি দল বিভিন্ন থিম্যাটিক সেশনে অংশগ্রহণ করবে এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

আরও পড়ুন: জাপানি সেনারা ভারতের ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নেবে

বর্তমানে পাকিস্তান ২০২৬–২৭ মেয়াদের জন্য এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে এবং ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে, গত সেপ্টেম্বরে ভারতের এসসিও ন্যাশনাল কোঅর্ডিনেটর অলোক দিমরি প্রস্তুতিমূলক বৈঠকের জন্য ইসলামাবাদ সফর করেছিলেন।

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন ২০২৫ সালের মে মাসের সামরিক সংঘাতের পর এখনও কাটেনি, এবং দ্বিপাক্ষিক যোগাযোগ মূলত এসসিওর মতো বহুপাক্ষিক ফোরামের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যদিও এই সফরের সময় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা এখনো আসেনি, তবে আঞ্চলিক এই সংস্থার মঞ্চে এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য ডিপ্লোম্যাটিক ইনসাইট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়লেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়লেন হাসান মাহমুদ

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে আর খেলবেন না। পুরোনো টেনিস এলবো চোট আবারও তাঁকে ভোগাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে আমার দেশ-কে।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত প্রথম টেস্টের পর হাসানের চোট নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসানের খেলার অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার তাঁকে দেখবেন। ফিট থাকলে সে খেলবে। তবে তার শারীরিক অবস্থা কেমন, সে কী অনুভব করছে, তা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

শুক্রবার দলের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনও হাসানের সিরিজে আর না খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।

হাসানের টেনিস এলবো সমস্যা নতুন নয়। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও একই চোটের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। এর আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও এই চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের কারণে পণ্যের দাম বাড়ছে, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


এআইয়ের কারণে পণ্যের দাম বাড়ছে, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণের ভূমিকা রয়েছে বলে সতর্ক করেছেন শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি। তার মতে, তথ্য সংরক্ষণকেন্দ্র নির্মাণে বিপুল বিনিয়োগ অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা বিভিন্ন পণ্য ও সেবার দামে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুলসবি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নজিরবিহীন বিনিয়োগ অর্থনীতিকে অতিরিক্ত উত্তপ্ত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বার্ষিক ২ শতাংশ লক্ষ্যে ফেরার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি। জ্বালানির পাশাপাশি অন্যান্য পণ্য ও সেবার দামও বৃদ্ধি পেয়েছে।

গুলসবি আরও বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধি থেকে অধিকাংশ সাধারণ মানুষ সরাসরি লাভবান হচ্ছেন না। কিন্তু মূল্যবৃদ্ধির চাপ তাদেরই মোকাবেলা করতে হচ্ছে। এ কারণে মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ অমূলক নয়।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত যোগ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


কুমিল্লায় হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত যোগ হয়েছে

শিক্ষা, সংস্কৃতি, খাদি ও মৃৎশিল্পের জেলা কুমিল্লা এক সময় ব্যাংক ও ট্যাংকের শহর হিসেবে পরিচিত ছিল। তবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে দেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও প্রসারের ফলে কুমিল্লা এখন হাসপাতালের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কুমিল্লায়।

রাজধানী ঢাকার বাইরের জেলায় হার্ট রোগীদের প্রাইমারি পিসিআই চিকিৎসায় আধুনিক ক্যাথল্যাব এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শ করেছে কুমিল্লা মর্ডান হসপিটাল। গত দুই বছরে, এই হাসপাতালটি এক হাজারেরও বেশি হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করে হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে।

ঢাকার বাইরের একটি জেলায় হৃদরোগ চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ দিক প্রাইমারি পিসিআই স্থাপনের ক্যাথল্যাব সুবিধা সরাসরি দেখতে কুমিল্লা মর্ডান হসপিটালে প্রবেশ করেন দেশের অন্যতম কার্ডিওলজিস্টদের বিশেষজ্ঞ টিম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলারের (বিএসসিভি) সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, এনআইসিভিডির একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং বিএসসিভির মহাসচিব ডা. খন্দকার আসাদুজ্জামান কুমিল্লা মর্ডান হসপিটালের কার্ডিও ইউনিট পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন ও প্রাইমারি পিসিআই স্থাপন করা হবে এমন হৃদরোগীদের সঙ্গে আলোচনা করেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালের কনফারেন্স রুমে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপনের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার।

স্বাগত বক্তব্যে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান জানান, ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালের ক্যাথল্যাবে ১ হাজারের বেশি প্রাইমারি পিসিআই সহ মোট ২ হাজার ৪৭৮টি চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়াও, হেল্পস্টার চ্যারিটির অর্থায়নে মডার্ন হাসপাতালে অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ উল্লেখ করেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম। আধুনিক চিকিৎসা নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই সম্পন্ন করা আবশ্যক। এ ক্ষেত্রে হাসপাতালটির ক্যাথল্যাব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর সফল হার্ট রিং স্থাপন কেবল একটি চিকিৎসাসংক্রান্ত পরিসংখ্যান নয়, বরং কুমিল্লা ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ও মাইলফলক। আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় কুমিল্লার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও এ অগ্রযাত্রা শুরু হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর আটক

১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রামবাসীরা মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া ইমামের নাম সাদিকুর রহমান (৪২), যিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে, সকালে সাড়ে ৮ টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে আশপাশের বাসিন্দারা। অভিযোগ রয়েছে যে, ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

ইমাম সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়রাবাদ গ্রামের মসজিদের ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।

আটক হওয়া ইমাম পুলিশ ও গ্রামবাসীদের কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, "ওই মেয়ে তার রুমে ঢুকেছিল, মেয়ে গেছে আমি ধরছি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিল। তার হাত ধরা ছাড়া অন্য কিছু করেনি তার সাথে। আমি অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমরারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।"

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী মসজিদের পাশে দোকান থেকে চা পাতা আনতে গিয়েছিল। এ সময় ইমাম তাকে জোর করে তার রুমে টেনে নেয়। গ্রামের দুই স্কুল ছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে নিয়ে যেতে দেখেন। তারা ইমামের রুমের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজন ইমাম সাদিকুর রহমানকে মারধর করে আটকে রেখে পুলিশকে জানান। দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানান, তারা সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে, ওই কিশোরীকে ইমামের রুমের ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথেই তারা আশপাশের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন ইমামের লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, "সকালে দুইজন স্কুল ছাত্র এসে জানায় ইমাম সাব ওই মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে সবার উপস্থিতিতে ইমাম সাবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।"

ওই কিশোরী স্থানীয়দের জানান, সকালে চা পাতা আনার জন্য দোকানে গিয়েছিল। এ সময় মসজিদের ইমাম তার হাত ধরে রুমের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢাকার চেষ্টা করেছিল। চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রেখেছিল। পরে কয়েক যাওয়ার সে মুক্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, "স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%