প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে এক যুবককে উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। এই ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অপহৃত যুবকের নাম ইনছান বেপারী (২২)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)। পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে একজন মহিলা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন, যে তার ছেলে ইনছান বেপারী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ইমো কলে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। অভিযোগ পাওয়ার পর, তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশের কাছে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এ সময় তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ বিষয়ে মন্তব্য করেন, "মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন