প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল এয়ার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে, বিমানবন্দরটির উন্নয়নে বাংলাদেশ ইতোমধ্যে এডিবির কাছে ৩০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে। চিঠিতে প্রকল্পটিকে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধও করা হয়েছে। কর্তৃপক্ষ মেগা এই প্রকল্পটি তিনটি আলাদা ভাগে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য হলো, ২০৭০ সালের মধ্যে বছরে এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করা।
সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। তবে গত ৩৬ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দরে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। উল্লেখযোগ্য অগ্রগতি বলতে রানওয়ের সক্ষমতা ৬৪ পিসিএন থেকে ৯০ পিসিএন এ উন্নীত করা এবং দুটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হয়েছে। পিসিএন (পেভমেন্ট ক্ল্যাসিফিকেশন নম্বর) হলো বিমানবন্দরের রানওয়ের ভারবহন ক্ষমতার একটি আন্তর্জাতিক মানদণ্ড। অন্যান্য সবকিছু আগের অবস্থায় রয়েছে। তবে ফ্লাইট ওঠানামা ও যাত্রী পরিবহন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ১১ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। ১০ বছর পর, যাত্রীসংখ্যা ১৭ লাখে পৌঁছেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে বছরে ২০ হাজার ফ্লাইট ওঠানামা করে।
চট্টগ্রাম অ্যাভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট আসিফ চৌধুরী জানান, বিমানবন্দরকে আধুনিকায়ন করার সরকারের পরিকল্পনা সময়োপযোগী। এখানে অনেক সংকট বিদ্যমান। বোর্ডিং ব্রিজের সংখ্যা বাড়ানো প্রয়োজন। কনভেয়ার বেল্টের সংখ্যা পর্যাপ্ত নয়, চেকিং পোস্টে ভিড় লেগেই থাকে। যদিও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, এখানে কোনো কার্গো ফ্লাইট পরিচালিত হয় না। অনেকের মতে, বিমানবন্দরের বর্তমানে যে সক্ষমতা রয়েছে, তা পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। রাত ১২টার পর কোনো ফ্লাইট ওঠানামা করে না। আধুনিকায়ন ছাড়া ব্যবহার বৃদ্ধি সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের কিছু উদ্যোগ নিলে রাতারাতি বিমানবন্দরের ব্যবহার বাড়ানো সম্ভব। সরকার এই বিমানবন্দরের ফুয়েলিং হাব হিসেবে ঘোষণা করতে পারে। ক্যাটারিং সুবিধাও যুক্ত করা যেতে পারে। এতে পূর্ব ও পশ্চিমমুখী সব বিমান চট্টগ্রাম বিমানবন্দরকে ব্যবহার করবে। ফলে যাত্রীসেবা ও ব্যবহারের উভয়ই বৃদ্ধি পাবে।
বে টার্মিনাল, মাতারবাড়ী বন্দর, মিরসরাই ইকোনমিক ও আনোয়ারা ইকোনমিক জোনসহ চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক হাব তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ বাড়বে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরের বর্তমান অবকাঠামো যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এই বাস্তবতায় বিমানবন্দরটি ঘিরে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মূলত এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতেই এডিবির সহায়তা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মাস্টারপ্ল্যানটি তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার প্রথম অংশ শুরু হবে ২০৩০ সালে। এই পর্যায়ে টার্মিনালের সক্ষমতা বাড়ানো হবে এবং আন্তর্জাতিক ও ডোমেস্টিক টার্মিনাল আলাদা করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২০৪০ সালে এবং শেষ পর্যায়ের উন্নয়নকাজ হবে ২০৭০ সালে।
একই সঙ্গে প্রকল্পটিকে সরকার অনুমোদিত হিসেবে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত করতে আরো একটি চিঠি দেওয়া হয়েছে। মাত্র ১৮ মাসের কুইক উইন প্রকল্প হিসেবে বিমানবন্দরে ওয়াইড-বডি যাত্রীবাহী এবং কার্গো ফ্লাইটের পরিসর বাড়ানো হবে, পাশাপাশি বিমানের দ্রুত ও দক্ষ টার্ন অ্যারাউন্ড ব্যবস্থা থাকবে। তিনটি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে নতুন এয়ারলাইনস আসবে এবং হোটেল, কনভেনশন সেন্টার ও বাণিজ্যিক স্থাপনা তৈরি হবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন জানান, দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে বিমানবন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মাস্টারপ্ল্যানটি বাস্তবায়িত হলে বিমানবন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, পার্কিং এরিয়ার সম্প্রসারণ, কার্গো টার্মিনাল বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয় যুক্ত হবে, তা হলো প্যারালাল ট্যাক্সি ট্র্যাক তৈরি। বর্তমানে একটি এয়ারক্রাফট উড্ডয়নের সময় রানওয়ের পজিশন নিতে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হয়। এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাক তৈরি হলে এই সময় সাশ্রয় হবে। ফলে এয়ারক্রাফটের জ্বালানি সাশ্রয় হবে এবং যাত্রার সময়ও কমবে। পুরোপুরি বাস্তবায়ন হলে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে।
তবে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো বর্তমানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কিছু রুটে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। আন্তর্জাতিক রুট বৃদ্ধি করা অপরিহার্য। সম্প্রতি সিকিউরিটি অডিট সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, শুরু থেকেই অন্তত ৭৫ মার্ক থেকে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। এতে উন্নত বিশ্বের বিভিন্ন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার প্রতিবন্ধকতা দূর হবে।
তিনি আরো জানান, চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্র হলেও সব প্রতিষ্ঠানের ঢাকাকেন্দ্রিক লিয়াজোঁ অফিস রয়েছে। ফলে বিদেশিরা সরাসরি চট্টগ্রামে না এসে ঢাকায় যোগাযোগ বাড়াচ্ছেন। এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। তবে আশার কথা হলো, সম্প্রতি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা ঘিরে যে বাণিজ্যিক হাব তৈরি হচ্ছে, তাতে এ অবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী।
চট্টগ্রামকে রিজিওনাল এয়ার হাব হিসেবে গড়ে তোলার সরকারের ঘোষণাকে আশার আলো হিসেবে দেখছেন এ খাতের ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এসএম আবু তৈয়ব জানান, "আমাদের রপ্তানি ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যকেন্দ্রিক। আর আমদানির বড় অংশই আসে চীন, জাপান প্রভৃতি দেশ থেকে। কিন্তু চট্টগ্রামের সঙ্গে বর্তমানে সরাসরি ফ্লাইট আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। আমরা বায়ারদের সঙ্গে কন্ট্রাক্ট করতে চাইলে ঢাকা হয়ে যেতে হয়। আবার বায়াররা আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসতে চাইলে ঢাকা হয়ে আসতে হয়। বাধ্য হয়ে বড় প্রতিষ্ঠানগুলোকে ঢাকাকেন্দ্রিক আরেকটি অফিস খুলতে হয়। চট্টগ্রাম থেকে যখন সরাসরি এসব রুটে বিমান চলাচল শুরু হবে, তখন বাড়তি খরচ ও সময়ের বোঝা আমাদের মাথার ওপর থেকে নেমে যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন