প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, সুবিধাবাদী একটি গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভক্তির রেখা টানতে চায়।
তিনি সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টায় যশোরের রামকৃষ্ণ আশ্রম মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘আবহমান কাল থেকেই বাংলাদেশের মূল শক্তির জায়গা হচ্ছে মানুষের মেলবন্ধন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- এই ধরনের ভেদাভেদ বাংলাদেশের মানুষ হৃদয়ে ধারণ করে না। কিন্তু একটি সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক স্বার্থ হাসিলে আমাদের মধ্যে বিভক্তির রেখা টানতে চায়। দিনশেষে ঐক্যবদ্ধভাবে আমরা বারবার উঠে দাঁড়াই।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ অস্থিরতা তৈরি করতে চাইতেই পারে, কিন্তু সেটাকে সরকার আমলে না নিয়ে বরং গুরুত্বের সঙ্গে নিয়ে সংবেদনশীল আচরণ করছে। ঘটনার পরও আজ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুষ্টিয়ায় লালন উৎসবের সমাপনী অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি। অর্থাৎ এসব ঘটনার পরও বাংলাদেশের মানুষ বা সরকার বিচলিত নয়। আরও পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা এ ধরনের বিষয়গুলো মোকাবিলা করতে প্রস্তুত।’
অনিন্দ্য ইসলাম অমিত সকল ধর্মের মানুষকে এক হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনন্দ মহারাজসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন