প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়া পরীক্ষায় নকল ঠেকাতে নজিরবিহীন নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে ১১১ পরীক্ষার্থীকে অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ শনাক্ত করা হয়েছে। এই ১১১ পরীক্ষার্থীর মধ্যে পাঁচজনকে পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আয়োজিত ‘সুনেউং’ পরীক্ষায় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্তৃপক্ষ এবার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার দিন দেশজুড়ে মোবাইল ফোনে তিন দফায় জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করলে ফোন চালু থাকলে সতর্কবার্তার বিশেষ শব্দ শোনা যাওয়ার কথা ছিল। যদি ফোন নীরব অবস্থায় থাকে, তবুও অ্যালার্ম বাজত। তবে ফোন বন্ধ বা উড়োজাহাজ মোডে থাকলে সতর্কবার্তা পৌঁছানোর সুযোগ ছিল না।
সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৫৭ মিনিটের মধ্যে তিন দফায় এসব সতর্কবার্তা পাঠানো হয়। প্রথম সতর্কবার্তায় ৩১ জন, দ্বিতীয়বার ১১ জন এবং তৃতীয়বার আরও ১২ জনকে শনাক্ত করা হয়। ফলে সতর্কবার্তার মাধ্যমে মোট ৫৪ জনের কাছে থাকা অননুমোদিত ডিভাইস শনাক্ত হয়। বাকি ৫২ জনকে ওয়াই-ফাই সংকেত শনাক্তসহ অন্যান্য পদ্ধতিতে ধরা হয়। সব মিলিয়ে ১১১ জনকে অননুমোদিত ডিভাইসসহ শনাক্ত করা হয়।
শুধু মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো নয়, পরীক্ষার্থীদের পোশাক ও চশমাও পরীক্ষা করা হয়। ক্ষুদ্র ক্যামেরা লুকিয়ে রাখার আশঙ্কায় শার্ট ও জ্যাকেটের বোতাম স্টিকার দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় চশমা পরীক্ষা করা হয়। সন্দেহ হলে পরীক্ষার্থীদের ধাতব শনাক্তকারী যন্ত্র দিয়েও তল্লাশি করা হয়।
তবে, কিছু পরীক্ষার্থী কৌশলে স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেউ পরীক্ষার হলে স্মার্ট চশমা ব্যবহার করেছেন, কেউ ক্ষুদ্র ক্যামেরা ও তারবিহীন ইয়ারফোন সঙ্গে রেখেছেন। আবার কেউ মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করেছেন। পরীক্ষার সময় শৌচাগারে মোবাইল ফোন ব্যবহারের ঘটনাও শনাক্ত হয়েছে।
তবে ১১১ জনের সবাই পরীক্ষার হলে বসে সক্রিয়ভাবে ডিভাইস ব্যবহার করেছেন, এমন নয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সরাসরি স্মার্ট ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে। বাকিদের অননুমোদিত ডিভাইস সঙ্গে রাখার কারণে শনাক্ত করা হয়েছে।
পরীক্ষায় নজরদারি বাড়ানোর পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি আলোচিত নকলের ঘটনা। গত মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই-সুবিধাযুক্ত চশমা ব্যবহার করে নকলের অভিযোগে দুজন পরীক্ষার্থী ধরা পড়েন। চলতি বছর মধ্য ও উচ্চবিদ্যালয়ের আরও চার শিক্ষার্থী এ ধরনের চশমা ব্যবহার করে নকলের চেষ্টা করেছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
তবে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করে জাতীয় পর্যায়ের কর হিসাববিদের পরীক্ষা। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ৩৪ বছর বয়সী হান ওন-সক স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থায় পাঠিয়েছিলেন। পরে স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে পরীক্ষায় লিখেছিলেন। প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল করেছিলেন তিনি। অস্বাভাবিক ভালো ফলের কারণে সন্দেহ তৈরি হলে পরে তিনি নিজেই অনিয়মের কথা স্বীকার করেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পরীক্ষাব্যবস্থার সার্বিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সরকারি পরীক্ষার ফল মানুষের সুযোগ ও সম্পদের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পরীক্ষায় এআই ব্যবহার করে নকল করা হলে সমাজে ন্যায়সংগত প্রতিযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা ও সামাজিক জীবনে ‘সুনেউং’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় কোরীয় ভাষা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অনেকাংশে এ পরীক্ষার ফলের ওপর নির্ভর করে। পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে ওই দিন দেশজুড়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়, উড়োজাহাজের ওঠানামা নিয়ন্ত্রণ করা হয় এবং সামরিক প্রশিক্ষণও স্থগিত রাখা হয়। দেরিতে পৌঁছানো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশি ব্যবস্থাও থাকে।
এদিকে পরীক্ষায় নকলের ঘটনা সামনে আসার পর দক্ষিণ কোরিয়া শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাই নয়, স্কুল ও অন্যান্য সরকারি পরীক্ষার নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে ভাবছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী চোই ইউন-ওক নিয়মিত স্কুল পরীক্ষায় স্মার্ট ডিভাইস বহন বা ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষার্থী পরীক্ষার দিন স্মার্ট ডিভাইসসহ ধরা পড়লে সেদিনের সব বিষয়ের পরীক্ষায় শূন্য পাওয়ার বিধান করা হতে পারে।
প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে পরীক্ষায় নকলের পদ্ধতিও বদলে যাচ্ছে। ক্ষুদ্র ক্যামেরা, স্মার্ট চশমা ও এআইয়ের সমন্বয়ে তৈরি নতুন কৌশল শনাক্ত করতে প্রচলিত তল্লাশিব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে দক্ষিণ কোরিয়ায়। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন