প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। ফলে, এক দিনে হামের উপসর্গ ও ডেঙ্গুতে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে হাম ও ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হামে নতুন রোগী দেড় হাজার
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বাধিক ৫৮৯ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। হামের রোগী হিসেবে ৪৯ জনের নামও উঠে এসেছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও তার উপসর্গে মোট এক হাজার ২৯৯ শিশু মারা গেছে। নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি এক হাজার ১৯৪ শিশু মারা গেছে হামের উপসর্গে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ১৭১ শিশু।
হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৮৪ শিশু। নিশ্চিত হাম ধরা পড়েছে ১৫৭ জনের। সব মিলিয়ে এক দিনে নতুন হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ৫৪১ জন।
১২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন। এখন পর্যন্ত মোট হামের রোগী পাওয়া গেছে ২৪ হাজার ৮৮০ জন। এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৭৫ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৯ হাজার ২০৭ শিশু।
হাসপাতালে প্রায় ৬ হাজার ডেঙ্গু রোগী
এদিকে, ডেঙ্গু-সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ ৯২৪ জন, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, রংপুরে ৬৩, বরিশাল বিভাগে ১৮৫ ও সিলেট বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছে পাঁচ হাজার ৯১৫ জন। আর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫১ হাজার ২৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ৬২৮-এ। মোট মৃত্যু হয়েছে ৪৮১ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
এবার সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এরপর খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে আটজন ও সিলেট বিভাগে চারজন মারা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন