ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, পাল্টা বিমান আক্রমণ ইয়েমেনে


সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, পাল্টা বিমান আক্রমণ ইয়েমেনে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুনের ঘটনা ঘটেছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) এই হামলায় কেউ হতাহত হয়নি। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালায় তেল স্থাপনায়। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।

সৌদি সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলার ফলে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনার আশপাশে কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। তারা এসব স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার আল-সাবাহ এলাকায় ইয়েমেনের তেল কোম্পানির কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর আলজাজিরার সংবাদকর্মীরা ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সৌদি সমর্থিত বাহিনী সেখানে বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি অভিযোগ করেছেন, হুথিরা ওই স্থাপনা এবং ভূগর্ভস্থ জ্বালানি মজুতকেন্দ্রকে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের অস্ত্রভান্ডার হিসেবে ব্যবহার করছে। তিনি জানান, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, সানায় হামলা চালানো হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। তিনি জানান, সৌদি জোট হামলা চালালে সতর্কবার্তা দেওয়া স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

হুথিদের নিয়ন্ত্রণাধীন তেল কোম্পানি দাবি করেছে, আল-সাবাহর মজুতকেন্দ্রগুলো খালি ছিল। তাই সেখানে হামলা হলে তেলের মজুত বা স্থানীয় বাসিন্দাদের সরবরাহে কোনো প্রভাব পড়বে না। তবে সম্ভাব্য সংকটের আশঙ্কায় সানার কয়েকটি পেট্রলপাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া, আলজাজিরার সংবাদকর্মী ইউসুফ মাওরি জানিয়েছেন, সৌদি বাহিনী ইয়েমেনের রাস ইসা বন্দরের তেল সংরক্ষণ ট্যাংক এবং হোদেইদা প্রদেশের একটি তেল স্থাপনাতেও হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এই ঘটনার ধ্বংসাবশেষে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববার (১১ অক্টোবর) একই বিমানবন্দরে আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। গত কয়েক দিনের এসব হামলার পর আন্তর্জাতিক বিমান সংস্থা যেমন এয়ার ফ্রান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেলটা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজ সৌদি আরব ও আশপাশের দেশে ফ্লাইট স্থগিত করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রিয়াদের উত্তরে তিনটি চালকবিহীন আকাশযান প্রতিহত করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি মন্ত্রিসভা হুথিদের হামলার জন্য পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়ানোর উদ্দেশ্যে হুথিরা সৌদি আরবের অবকাঠামোয় হামলা বাড়াচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে সৌদি আরবকে সহায়তার অনুরোধ জানাতে পারেন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরব সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। গত মাসে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখল করার পর বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ইয়েমেনের ভোর’ নামে পাল্টা অভিযান শুরু করেছে সরকারপন্থী বাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেন সরকার। এর মধ্যে ধুবাব এলাকায় পাঁচটি এবং আল-মাসরাখ এলাকায় চারটি হামলা হয়েছে। তাইজের দক্ষিণে আল-শাকাব এলাকায় সরকারপন্থী বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই চলছে বলেও জানানো হয়েছে।

ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম নামের একটি সংগঠনের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় তাইজে হুথিদের হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। আবাসিক এলাকায় গোলাবর্ষণে অন্তত সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। তাদের ভাষ্য, একই সময়ে তাইজজুড়ে ১৮০টির বেশি গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

গত সেপ্টেম্বরে হুথিরা কৌশলগত বন্দরনগরী মোখায় স্থল অভিযান চালিয়ে সরকারপন্থী বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। একই মাসে তারা ইয়েমেনের পশ্চিম উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশের আরও এলাকা দখল করে। এর মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপও রয়েছে।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে ইরান ও ওমান কাছাকাছি সমঝোতায় পৌঁছেছে। দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বেসামরিক মানুষের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন।

তার মতে, ইয়েমেনে প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং এডেন ও সানাসহ বিভিন্ন এলাকায় বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি উদ্বেগজনকভাবে বাড়ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে অন্তত ৪৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। অন্যদিকে, গত সেপ্টেম্বর থেকে সংঘাতের কারণে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

সূত্র: আল জাজিরা নিউজ ১ , নিউজ ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবান-থানচি সড়কে ৬ দিন পর বাস চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


বান্দরবান-থানচি সড়কে ৬ দিন পর বাস চলাচল শুরু

টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।

দাবিকৃত চাঁদা না পাওয়ার কারণে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর হুমকির মুখে গত ১৪ অক্টোবর থেকে পরিবহন শ্রমিকরা বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে রেখেছিলেন। পরে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হন।

বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, নিরাপত্তা বিধানে প্রশাসনের দেওয়া আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনা করে অনেক ঝুঁকি নিয়ে তারা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে স্কর্ট ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও প্রতিদিন উভয়দিক থেকে ৩টি করে মোট ৬টি বাস চলাচল করবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় দিক থেকে দুটি করে মোট ৪টি বাস চলাচল করবে।

অন্যদিকে বাস চালকরা জানিয়েছেন, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। তবে নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর শ্যামলী থেকে চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


রাজধানীর শ্যামলী থেকে চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার

রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি, যিনি ‘ভাগনে রনি’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আরিফিন রনি, যিনি ভাগ্নে রনি এবং সোলায়মান রনি নামেও পরিচিত, তাকে (৩০) গ্রেপ্তার করা হয়।

মেজর মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তার রনি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া, তার পিসিপিআর (পূর্ব অপরাধের রেকর্ড) যাচাই করার পর শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার তথ্যও পাওয়া গেছে।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআরবি-২-এর এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরে মুক্তি পাচ্ছে না বেশ কিছু বিগ বাজেটের ঢালিউড সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ এম


চলতি বছরে মুক্তি পাচ্ছে না বেশ কিছু বিগ বাজেটের ঢালিউড সিনেমা

একাধিক জটিলতার কারণে চলতি বছরে বিগ বাজেটের বেশ কিছু ঢালিউড সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে সাকিব ফাহাদের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’, এবং ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’।

২০২৬ সালের শেষ দিকে এসব সিনেমার মুক্তির পরিকল্পনা থাকলেও, আলোচিত এসব বিগ বাজেটের সিনেমা চলতি বছরে আর মুক্তি পাবে না। জানা গেছে, সিনেমাগুলোর মধ্যে কিছু শুটিং বাকি রয়েছে এবং কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ আটকে আছে। এ কারণে সিনেমাগুলোর মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

আসুন এক নজরে জেনে নিই আলোচিত এসব সিনেমার গুরুত্বপূর্ণ তথ্য-

১. সোলজার (পরিচালক: সাকিব ফাহাদ)

• প্রধান কাস্ট: শাকিব খান, তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদ।

• গল্পের ধরন: দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই এবং দেশপ্রেমের গল্প।

২০২৫ সালের শেষের দিকে সিনেমাটির কাজ শুরু হয়েছিল। তবে গানের শুটিং এবং অন্যান্য অংশের কিছু কাজ বাকি থাকায় এ বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে না।

২. আন্ধার (পরিচালক: রায়হান রাফী)

• প্রধান কাস্ট: সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার এবং ফারুখ আহমেদ রেহান।

• গল্পের ধরন: ভৌতিক ও অতিপ্রাকৃত।

২০২৬ সালের অক্টোবরে পূজা উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও, এর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় মুক্তি পেছানো হয়েছে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, সিনেমাটি আগামী ২০২৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে।

৩. সুড়ঙ্গ ২ (পরিচালক: রায়হান রাফী)

• প্রধান কাস্ট: আফরান নিশো (মাসুদ চরিত্রে)।

• গল্পের ধরন: ক্রাইম থ্রিলার। এটি রাফীর ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার গল্পকে মিলিয়ে তৈরি করা প্রথম ‘ফিল্ম ইউনিভার্স’-এর অংশ।

২০২৬ সালের ডিসেম্বরে এটি মুক্তির ঘোষণা দেয়া হলেও, সিনেমাটির শুটিং ও অন্যান্য কাজ বাকি থাকায় পূর্বনির্ধারিত সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে না।

৪. খলনায়ক (পরিচালক: ভিকি জাহেদ)

প্রধান কাস্ট: আফরান নিশো, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম ও ইন্তেখাব দিনার।

• গল্পের ধরন: সাইকোলজিক্যাল থ্রিলার ও শেয়ারবাজারের অভ্যন্তরীণ গল্প।

ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের এটি বড় পর্দায় প্রথম সিনেমা। অতি সম্প্রতি ভারতের কলকাতায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হলেও, এ বছর এটি মুক্তি পাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, চিকিৎসক বিয়ের আবদার করতেই প্রকাশ করেন ‘আসল রূপ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ এম


স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, চিকিৎসক বিয়ের আবদার করতেই প্রকাশ করেন ‘আসল রূপ’

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন আদালত বহাল রেখেছে। একই সঙ্গে, তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে বাদীকে মারধর করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগে তার জামিন বাতিলের আবেদন করা হয়েছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানা এ বিষয়ে আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি গণমাধ্যমকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।

এনামুল হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ছিলেন। গত ২ জুলাই তিনি জামিন পান। পরে গত ১২ সেপ্টেম্বর বাদীকে একা পেয়ে মারধর করে মামলা তুলে নিতে বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনার পর ওই তরুণী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

গত ২৯ সেপ্টেম্বর বিষয়টি আদালতকে জানিয়ে এনামুলের জামিন বাতিলের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং মো. শামছুজ্জামান দিপু, বাদীপক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়াসহ কয়েকজন আইনজীবী জামিন বাতিলের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জামিন বহাল রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী গাজী তানজিল আহমেদ জানিয়েছেন, অভিযোগ গঠনের শুনানির দিন পর্যন্ত এনামুলের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে এনামুলের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত বছরের ২৫ মে রাতে এনামুল ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে কলাবাগানের পান্থপথ এলাকার একটি হোটেলে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, পরে তরুণী বিয়ের কথা বললে এনামুল নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে তিনি তরুণীর আগের সম্পর্কের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে মামলায় দাবি করা হয়েছে। এরপর থেকে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং তরুণীর সঙ্গে দেখা করা এড়িয়ে চলেন।

এ ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর কলাবাগান থানায় মামলা করেন ওই তরুণী। তদন্ত শেষে গত ৩১ মে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক নাজমা আকতার এনামুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%