প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় প্রতিবাদ, সমাবেশ এবং স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। মঙ্গলবার রংপুর মহানগর নাগরিক কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
এদিন দুপুরে সংগঠনের সদস্যসচিব অ্যাড. পলাশ কান্তি নাগ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী, বিজয় প্রসাদসহ অন্যান্য সদস্যরা জেলা প্রশাসক ইসরাত জাহানের মাধ্যমে স্মারকলিপিটি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জমা দেন। স্মারকলিপিতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, দ্রুত বিচার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাড. পলাশ কান্তি নাগ বলেন, "গণপতি স্যারসহ তার পরিবারের চার সদস্য হত্যা মামলায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে।" তিনি আরও উল্লেখ করেন, "তদন্ত প্রক্রিয়া কোন পথে অগ্রসর হচ্ছে, এ নিয়ে মানুষের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।" তিনি বলেন, "শুধুমাত্র ইয়াবা সেবন করতে দেখে ফেলায় চারজনকে হত্যা করা হয়েছে, পুলিশের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমাদের মনে হচ্ছে, সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় চারজনকে হত্যা করা হয়েছে।" হত্যাকাণ্ডের ৯ দিন পর অভিযুক্তদের ডোপ টেস্ট করিয়ে ফলাফল নেগেটিভ আসার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, "গণপতি চক্রবর্তীর অবসরজনিত কারণে পাওয়া টাকা নিয়ে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।" তিনি অভিযোগ করেন, "পুরো ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তাদের নিরপেক্ষতা হারিয়েছে। সে জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। বিতর্কিত ভূমিকার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পুলিশ যদি কোনো পক্ষকে বাঁচানোর চেষ্টা করে তবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।"
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে পুলিশ গ্রেফতার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন