প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফিরেছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর ১০ জন শিক্ষক। তাঁরা সৌদি আরবের জামিয়াতুল কাসিমের অধীন মারকাযুন নুখব আল-ইলমিয়ায় এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে জামিয়া কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ আসর জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.), কক্সবাজারের উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম, সদর মুহতামিম আবছার উদ্দিন চৌধুরী, শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নাদিমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আল্লামা আবদুল গফুর নাদিম।
সৌদি আরবে প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে জামিয়ার নির্বাহী পরিচালক কারি ওসমান বলেন, "আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এই সফরে আমরা হাতে-কলমে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। সেখানকার আলেমদের ইলম, জ্ঞান ও আমল অত্যন্ত উচ্চমানের। তাঁদের জ্ঞান ও প্রজ্ঞার তুলনায় নিজেদের অর্জন সীমিত বলে উপলব্ধি হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা যেসব হাদিস অধ্যয়ন করেছি, সেগুলোর বাস্তব প্রতিফলন সেখানকার আলেমদের জীবনাচরণ ও আমলের মধ্যে দেখতে পেয়েছি। যেসব উস্তাদের কাছে পড়াশোনা করেছি, তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও জীবনাদর্শ আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অর্জিত জ্ঞানের সামান্য অংশও যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই এ শিক্ষা সফর সার্থক হবে।"
কারি ওসমান আরও উল্লেখ করেন, "উস্তাদদের সোহবত ও তাঁদের রুহানি ফয়েজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে পারলে দুনিয়া ও আখিরাত—উভয় জীবনে সফলতা অর্জন সম্ভব হবে।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শিক্ষকদের নিয়মিত জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব। সৌদি আরবে প্রশিক্ষণ গ্রহণের এ উদ্যোগ জামিয়ার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।"
জামিয়া সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষকদের ইলমি যোগ্যতা, পেশাগত দক্ষতা, পাঠদানের সক্ষমতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যেই এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন মাসের এ প্রশিক্ষণে অংশ নিয়ে শিক্ষকরা জ্ঞানচর্চা, পাঠদান ও শিক্ষাব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতেও শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—আবু আমের ইউসুফ (মুহাদ্দিস), মুহাদ্দিস ছৈয়দ আলম, শেখ জুনায়েদ, হোসাইন মাহমুদ (মুফতি), আকতার কামাল (সিনিয়র শিক্ষক), আবদুল্লাহ সাদেস (মুফতি), আমিনুর রহমান, আল-কামা ও হাসানুল বান্না।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সৌদি আরবে অর্জিত জ্ঞান, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষকরা নিজেদের পাঠদান পদ্ধতিকে আরও সমৃদ্ধ করবেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জামিয়ার শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে কক্সবাজার অঞ্চলের দ্বীনি শিক্ষার গুণগত মানোন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন