ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?


ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

এক শতাব্দীরও বেশি সময় আগে ঐতিহাসিক ‘বেলফোর ঘোষণা’র মাধ্যমে ব্রিটেন ফিলিস্তিনের মাটিতে ইসরাইল রাষ্ট্র গঠনের পথ সুগম করেছিল। কিন্তু বর্তমানে ব্রিটেনের নাগরিক সমাজ ইসরাইলকে বিশ্বশান্তির জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশেরও বেশি ব্রিটিশ নাগরিক এখন ইসরাইলকে আন্তর্জাতিক শান্তির জন্য বিপজ্জনক মনে করেন।

যুক্তরাষ্ট্র, যা ইসরাইলের অন্যতম প্রধান সমর্থক দেশ, সেখানেও সিংহভাগ ব্রিটিশ নাগরিক বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেশটিকে দেখছেন। ফলে, দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বশক্তিগুলোর ওপর নির্ভর করে টিকে থাকা ইসরাইলের আন্তর্জাতিক বৈধতা বর্তমানে গভীর সংকটের সম্মুখীন।

১৯১৭ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের ঘোষণার মাধ্যমে যে প্রক্রিয়ার সূচনা হয়েছিল, তা পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি করে। তবে একশ বছর পরে এসে ব্রিটিশ জনমতে একটি অভূতপূর্ব বৈপরীত্য দেখা দিয়েছে। ফিলিস্তিনে দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্ব এবং গাজায় ইসরাইলের সাম্প্রতিক নজিরবিহীন ভয়াবহ সামরিক অভিযান, ব্যাপক বেসামরিক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের চিত্র এই জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং জাতিসংঘের তদন্ত কমিশন ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করেছে।

আরও পড়ুন: সৌদী আরব ফেব্রুয়ারির পর আবারও সর্বোচ্চ তেল উৎপাদনে ফিরলো

ব্রিটিশ নাগরিকদের এই মনোভাব কেবল গাজার সংকটের কারণে নয়; বরং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার খর্ব করা, লেবানন ও সিরিয়ায় হামলা সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলার সার্বিক নীতির বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিক্রিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এই তীব্র বিরোধিতা পশ্চিমা সরকারগুলোর নীতিতে রাতারাতি বড় পরিবর্তন না আনলেও, রাজনৈতিক অঙ্গনে তেল আবিবকে অন্ধভাবে সমর্থন জানানোর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শক্তিশালী দেশের ঐতিহাসিক চুক্তি বা রাজনৈতিক আশ্রয় দিয়ে কোনো রাষ্ট্রের অমর বৈধতা অর্জন করা সম্ভব নয়। ইসরাইল আজ যে বৈশ্বিক জনরোষের মুখোমুখি দাঁড়িয়েছে, তা তারই প্রমাণ দিচ্ছে।

সূত্র: মেহের নিউজ

আরও পড়ুন: আমি ধার্মিক, নরকে যেতে চাই না: ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের সফলতা নেই, ব্যর্থতা প্রকট হচ্ছে : চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


সরকারের সফলতা নেই, ব্যর্থতা প্রকট হচ্ছে : চরমোনাই পীর

বর্তমান সরকারের গত আট মাসের দেশ পরিচালনায় কোনো সফলতা দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি জানান, বরং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে। সরকারের দায়িত্ব গ্রহণের সময় বিপুল প্রত্যাশা ছিল, কিন্তু বর্তমানে শ্রমিক অসন্তোষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম নাজেহালে রয়েছে।

বুধবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে পতিত শক্তি নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকাসহ ১১টি জেলায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নাশকতাকে সরাসরি স্বীকার করতে চায় না, তবুও দেশের সাধারণ জনমনে এটি গভীর উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়েই সরকারের ইতিবাচক সাফল্য দেখা যাচ্ছে না।

মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দীর্ঘ তিন যুগের অধিক সময়ের দায়িত্বশীল এবং চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দীন ও দেশের সেবায় তার অবদান অনস্বীকার্য। তিনি ইলম চর্চা, রাজনীতি, তাসাউফ ও ইসলামী ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের সর্বস্তরের আলেমদের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।

আল্লামা নুরুল হুদা ফয়েজী রাহিমাহুল্লাহর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির উদ্বোধন করেন মরহুমের সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী, মুফতি আবু ইউসুফ আল মাদানী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আ. রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলি আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামসুদ্দোহা তালুকদার, মাওলানা আমির হোসাইন, মুফতি কাউসার বাঙালি, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, মুফতি নুরুল্লাহ আশরাফী, মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ ও মাওলানা আলাউদ্দীন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নেতানিয়াহু, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নেতানিয়াহু, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

গাজা, সিরিয়া ও লেবানন থেকে সেনা প্রত্যাহার, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ইরানকে পারমাণবিক শক্তির দেশ হিসেবে গ্রহণ করার জন্য ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৬তম সংসদে বক্তব্য রাখার সময় তিনি সকলকে মতভেদ ভুলে তার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশের বাইরের এই গুরুতর হুমকি ও চাপ মোকাবেলা করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নেতানিয়াহু তার বক্তব্যে ইরানকে ইসরাইলের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে চিহ্নিত করেন এবং অভিযোগ করেন যে তেহরান আবার তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করতে চাইছে। সাম্প্রতিক সংঘর্ষে সামরিক হামলার মাধ্যমে গাজা, লেবানন ও ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার বিষয়টিকে তিনি একটি বড় সাফল্য হিসেবে দাবি করেন। তার মতে, এই অভিযানের ফলস্বরূপ এলাকায় শক্তির সমীকরণ ইসরাইলের পক্ষে পরিবর্তিত হয়েছে। তবে তিনি সতর্ক করেন যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে পশ্চিম তীরে তাদের অর্জিত সাফল্য বিপন্ন হতে পারে।

নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেওয়া যাবে না—এই দাবিতে তিনি অটল রয়েছেন। বাইরের দেশের যেকোনো নির্দেশ বা চাপ প্রতিহত করার জন্য একটি শক্তিশালী জাতীয় ঐক্যবদ্ধ সরকারের প্রয়োজন।

এছাড়াও, আরব রাজনৈতিক দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, আরব দলগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাই নতুন সরকারে তাদের কোনো স্থান থাকা উচিত নয়। সংসদের কিছু সদস্য তাদের সহায়তায় সরকার গঠনের চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। তবে তিনি স্পষ্ট করেন যে, আরব দলগুলোর রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও ইসরাইলে বসবাসকারী সাধারণ আরব নাগরিকদের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নতির কাজ অব্যাহত থাকবে।

নেতানিয়াহু এই বক্তব্যটি ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে চলমান নানা জল্পনা-কল্পনা ও মতভেদের মধ্যে প্রদান করেন।

সূত্র: মিডলইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন, যা সঠিক নয়।

নূরুল ইসলাম মনি আরও উল্লেখ করেছেন, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে জমা দেওয়া উচিত। অন্যথায়, সংসদে দেওয়া এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দেন। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক সদস্যের ভাষা ব্যবহারে সংযত থাকা প্রয়োজন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের সুপারিশের কথা বলেছেন, যা সম্পূর্ণ অসত্য।

চিফ হুইপ আরও বলেন, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও জমা দিতে পারেন। তবে প্রমাণ ছাড়া এমন বক্তব্য সংসদের কার্যবিবরণীতে রাখা উচিত নয়। এ কারণে বক্তব্যটি বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্য। সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, সংসদের ওই সিদ্ধান্তের ভিত্তিতেই কৃষিমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছেন। তবে প্রজ্ঞাপনে কোনো ধরনের অসংগতি বা ভুল থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব। প্রয়োজনে প্রজ্ঞাপনে সংশোধন এনে এমন ব্যবস্থা করা উচিত, যাতে সংশ্লিষ্ট সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

‘ভীনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বোঝাপড়া হয়েছে, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দিচ্ছে, যার সঙ্গে একটি দলের সম্পর্ক আছে’- জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানতে চেয়েছেন, সেই দলটি কে?

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে জামায়াত আমির এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।

জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলার জন্য আহ্বান জানিয়ে বলেন, যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা পরিষ্কারভাবে বলছি- আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম, প্রমাণ উপস্থাপন করুন।

তিনি আরও বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটি বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।

তিনি বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়ও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটি মিসকোট করা হয়, ১২ আগস্টের একটি সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নেইনি। পুরো ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।

বিরোধীদলীয় নেতা বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটি বলেন, রাতে একটি বলেন, পরের দিন সকালে একটি বলেন, দুপুরে একটি বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একজন ব্যক্তিকে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটি রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বসবো—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%