০৫:২৫ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের জন্য কমনরুম থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র দুটি কমনরুম রয়েছে প্রায় সাড়ে আট হাজার ছাত্রীর জন্য। শিক্ষার্থীর তুলনায় কক্ষগুলোর পরিসর ছোট হওয়ায় অধিকাংশ সময় বসার জায়গা পাওয়া যায় না। অপরিচ্ছন্ন ওয়াশরুম, ভাঙা চেয়ার, নষ্ট স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এবং প্রাথমিক চিকিৎসার অভাবও এই দুর্ভোগে যুক্ত হয়েছে। ফলে ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে গিয়ে ছাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত বছর জকসু নির্বাচনের আগে প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, জবিতে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে মোট দুটি কমনরুম রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এই সীমিত ব্যবস্থা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী জানান, কমনরুমে জায়গার অভাবে গাদাগাদি করে বসতে হয়। ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।
আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর প্রকাশ, জানা যাবে তিন উপায়ে
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ফেরদৌসী বলেন, ‘কমনরুমে প্রচুর ভিড় থাকে, বসার পর্যাপ্ত জায়গা নেই। একবার গিয়েছিলাম, সেখানকার পরিবেশ এতটাই অপরিষ্কার ও শোচনীয় যে আর যেতে ইচ্ছে করে না। ওয়াশরুমগুলোর অবস্থাও খুব খারাপ।’
শহীদ সাজিদ ভবনের কমনরুমে দুর্গন্ধ এবং নাজুক ওয়াশরুমের সমস্যা রয়েছে। ১৩ তলাবিশিষ্ট শহীদ সাজিদ ভবনের নিচতলায় ছাত্রীদের কমনরুম অবস্থিত। ভবনের ওপরের তলাগুলোতে ক্লাস করা শিক্ষার্থীদের অল্প সময়ের বিরতিতে নিচে নেমে আসা বেশ কষ্টকর। কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে পাশের বারান্দায় জমে থাকা ময়লা এবং স্যানিটারি ট্যাংকের দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সংলগ্ন সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির কাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও নাজুক।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক জানান, কমনরুমটি নিচতলায় হওয়ায় ওপরের তলায় ক্লাস করা শিক্ষার্থীদের জন্য সেখানে যাতায়াত করা সময়সাপেক্ষ। প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেকেই সেখানে যেতে চান না।
এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী লেশমি দাস বলেন, পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় এবং অতিরিক্ত শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থী হৃদয় আলী ২ দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার
বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুমেও রয়েছে নানা সমস্যা। সরেজমিনে দেখা যায়, কক্ষের পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। প্রায় ৫০টি চেয়ারের মধ্যে বেশ কয়েকটি ভাঙা। এসব চেয়ারে বসতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের পোশাক ছিঁড়ে যায়। পাশের দুটি ওয়াশরুমও ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার।
গণিত বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার শিমলা বলেন, ‘পুরো বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য ওয়াশরুম মাত্র দুটি। পরীক্ষার সময় সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। হ্যান্ডওয়াশ থাকে না, থাকলেও তাতে পানি মেশানো থাকে। স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনটিও নষ্ট। ফলে মেশিনে যে ন্যাপকিন ১০ টাকায় পাওয়া যেত, তা এখন দায়িত্বে থাকা কর্মীর কাছ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে। কমনরুমে রাখা শুকনো খাবারের দামও দুই টাকা বেশি রাখা হয়। জরুরি প্রয়োজনে প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও পাওয়া যায় না।’
তিনি আরও জানান, শহীদ সাজিদ ভবনের কমনরুমে জায়গা তুলনামূলক বেশি থাকলেও সেখানে ন্যাপকিন ভেন্ডিং মেশিন কিংবা প্রাথমিক চিকিৎসার ওষুধের ব্যবস্থা নেই।
তিন ভবনে নেই ছাত্রীদের কমনরুম
আরও পড়ুন: ইবনে সিনায় গাজীপুরে এক্সিকিউটিভ পদের চাকরির সুযোগ
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো কমনরুম নেই। ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মধ্যে কেবল সমাজকর্ম বিভাগে ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রয়েছে। তবে বারান্দার একটি অংশে তৈরি এই জায়গায় একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি বসতে পারেন না।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, বিভাগের নিজস্ব অর্থায়নে ছাত্রীদের বসার জন্য জায়গাটি তৈরি করা হয়েছে। তবে এর রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম চেয়েও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।
ছাত্রদের কমনরুম নেই, ব্রেস্ট ফিডিং কর্নারও অনুপস্থিত। ছাত্রীদের জন্য দুটি কমনরুম থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো সাধারণ কক্ষ নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, দূরদূরান্ত থেকে আসা ছাত্রদের ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া ও পোশাক পরিবর্তনের জন্য অন্তত একটি কমনরুম প্রয়োজন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কোনো ব্রেস্ট ফিডিং কর্নার না থাকায় মা শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। প্রয়োজনের সময় তাদের কমনরুমের এক পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হয়।
আরও পড়ুন: ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
এ ছাড়া জনবল ও জায়গার সংকটে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। দুই বছরের কম বয়সী শিশু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং প্রচারণার অভাবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সেখানে শিশুদের উপস্থিতি কমে গেছে। সেন্টারের পরিবেশ ও যত্ন নিয়ে উদ্বেগ থাকায় অনেক শিক্ষার্থী সন্তান কোলে নিয়েই ক্লাস করেন।
সার্বিক বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত তদারকি করা কঠিন হচ্ছে। তবে অস্থায়ী কর্মীর ব্যবস্থা করার চেষ্টা চলছে। ওয়াশরুম মেরামতের বিষয়টি বাজেটের ওপর নির্ভরশীল হওয়ায় জরুরি তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট থাকায় নতুন কমনরুম স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।
উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ ও প্রকৌশল দপ্তরের লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন কক্ষ নির্মাণ বা বাজেট বরাদ্দ দেওয়া কঠিন হলেও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
শিক্ষার্থীদের দাবি, ছাত্রীদের সংখ্যা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কমনরুমের পরিসর বাড়ানোর পাশাপাশি বিদ্যমান কক্ষগুলোর সংস্কার জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সচল ন্যাপকিন ভেন্ডিং মেশিন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং মা শিক্ষার্থীদের জন্য পৃথক ব্রেস্ট ফিডিং কর্নার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার কেন্দ্র: ভূমিমন্ত্রী
এসকেডি/ আরটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন