প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠেছিল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারাদের হাত ধরে।
কিন্তু সেই গৌরবের দিন এখন অনেকটাই অতীত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) অস্তিত্ব রক্ষার লড়াই করছে লোকসান, নগদ অর্থের ঘাটতি, টুর্নামেন্ট বাতিল এবং ক্রিকেটারদের বেতন কমানোর কারণে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন যে, ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সিডব্লিউআই ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (৩৫৫ কোটি টাকা) লোকসান করেছে। ২০২৬ সালেও প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার (৩২৫ কোটি টাকা) লোকসানের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
২০২৪ সালের সেপ্টেম্বর শেষে সিডব্লিউআইয়ের হাতে নগদ অর্থ ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার (২১৮ কোটি ৭৫ লাখ টাকা)। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় মাত্র ১৬ লাখ ডলারে (২০ কোটি টাকা)। অর্থাৎ এক বছরে নগদ অর্থের পরিমাণ কমেছে প্রায় ৯০ শতাংশ।
এই পরিস্থিতি সামাল দিতে আইসিসির কাছ থেকে ঋণ নিতে হয়েছে সিডব্লিউআইকে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সংস্থাটি ১ কোটি ৬০ লাখ ডলারের (২০০ কোটি টাকা) ঋণ পেয়েছে। তবে এর সঙ্গে রয়েছে কিছু শর্ত ও পরিশোধের বাধ্যবাধকতা। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, আইসিসি ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ১৬০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।
সংকটের প্রভাব পড়েছে সরাসরি ক্রিকেটের ওপর। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ২৮টি থেকে কমিয়ে ১১টিতে নামানো হয়েছে। দলসংখ্যা আট থেকে ছয় করা হয়েছে। ছেলেদের সুপার ফিফটি এবং মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজও স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক কমানো হয়েছে ২৫ শতাংশ। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও ১২ মাস থেকে কমিয়ে ৭ মাস করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে। ছবি : এএফপি
কেন এত বড় সংকট, তার ব্যাখ্যা দিয়েছেন সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং। দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘গত ১০ বছরে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে আমাদের ৮ কোটি ২৫ লাখ ডলার (১ হাজার ৩০ কোটি টাকা) খরচ হয়েছে। হোটেলগুলোর পেছনে খরচ হয়েছে ১২ কোটি ডলারের (১ হাজার ৫০০ কোটি টাকা) বেশি। এই ৮ কোটি ২৫ লাখ ডলার আসলে ক্রিকেটের পেছনে ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু তা চলে গেছে বিমান সংস্থাগুলোর পকেটে। অথচ হোটেল বা বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা কখনো বড় কোনো পৃষ্ঠপোষকতা কিংবা এক ডলারও ফেরত পাইনি।’
আন্তর্জাতিক সিরিজ আয়োজনও বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটি টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার আয়োজনেই খরচ হয় ৩৫ থেকে ৫০ লাখ ডলার (৪৩ কোটি ৭৫ লাখ থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা)। অথচ সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয় মাত্র কয়েক লাখ ডলার। এর সঙ্গে রয়েছে দ্বীপ থেকে দ্বীপে ক্রিকেটার ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনের বিপুল খরচ। একটি চার্টার ফ্লাইটের ভাড়া পড়তে পারে ৩ থেকে ৪ লাখ ডলার (৩ কোটি ৭৫ লাখ থেকে ৫ কোটি টাকা)।
এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একটি প্রজন্মের ক্রিকেটার হারিয়ে যেতে পারে।
তিনি বলেছেন, ‘এ বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। এর সমাধান না হলে আমরা এমন একটি প্রজন্মের খেলোয়াড় হারাব, যারা খেলার সুযোগের অভাবে উন্নতির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক পর্যায়ে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখা যায়। কিন্তু ধারাবাহিকতা পেতে হলে পরবর্তী দুই প্রজন্মের খেলোয়াড়দেরও তৈরি করতে হবে। এই মুহূর্তে আমাদের সেই অবস্থা নেই।’
অ্যাডামস আরো বলেন, ‘অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের সমান প্রতিভার একজন তরুণ ক্রিকেটার যদি ক্যারিবীয় অঞ্চলের একজন ক্রিকেটারের তুলনায় তিন গুণ বেশি খেলার সুযোগ পায়, তাহলে কে বেশি এগিয়ে যাবে, তা বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।’
স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। মহামারি করোনাভাইরাসের পর থেকে অনেক স্কুলে ক্রিকেট কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সরঞ্জামের দাম এবং দল পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবলের অভাবও বড় বাধা। অ্যাডামস বলেন, ‘আমাদের বিশ্বের সেরা কয়েকজন অ্যাথলেট আছে। কিন্তু মেয়েদের ক্রিকেটের কোনো কার্যক্রম না থাকায় তারা নেটবল কিংবা অ্যাথলেটিকসে চলে যাচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজের স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। ছবি: সিডব্লিউআই
তবে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে সিডব্লিউআই। অ্যান্টিগায় উন্নত মানের ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক প্রশিক্ষণসুবিধা, ইনডোর ব্যবস্থা, ক্রীড়াবিজ্ঞান ও উন্নত কোচিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ১২০ কক্ষের একটি হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে, যাতে বিদেশি দলগুলোকে প্রশিক্ষণের সুযোগ দিয়ে আয় বাড়ানো যায়।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের আগেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ। একসময় যাদের ভয়ে কাঁপত প্রতিপক্ষ, সেই ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের ক্রিকেট ব্যবস্থা টিকিয়ে রাখার লড়াই করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন