প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সাথে যুদ্ধ এবং উত্তেজনার পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে খুব শিগগির যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী তাদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রণালী কখন বন্ধ করা হবে বা খোলা হবে, সেই সিদ্ধান্তও তেহরান নেবে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে শুক্রবার স্থানীয় সময় ট্রাম্প বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, 'খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছি।'
ট্রাম্পের এই বক্তব্যের পর, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, হরমুজ প্রণালী 'ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।'
তিনি দাবি করেছেন, ইরানের 'কৌশলগত পরাজয়' মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীর ওপর অবরোধ অব্যাহত থাকবে এবং প্রণালী বন্ধ বা খোলার সিদ্ধান্ত ইরানই নেবে।
এদিকে, ট্রাম্পের বক্তব্যের সময়কালে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কেপলার ডেটার তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে এবং কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের গতিবিধি লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার নয়টি এবং বুধবার পাঁচটি জাহাজ পার হয়েছে, কিন্তু আগস্ট মাসে গড়ে প্রতিদিন ১২টি জাহাজ এ পথ ব্যবহার করার তথ্য পাওয়া গিয়েছে।
যুদ্ধের পূর্বে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ চলাচল করতো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর করতে ১৪ আগস্ট পর্যন্ত তাদের বাহিনী ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, তিনটি জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হলেও এই প্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান তীব্র হয়ে উঠেছে। একদিকে ওয়াশিংটন সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিজেদের কর্তৃত্বের দখল আরও শক্তিশালী করছে। তবে এখনো দুই পক্ষ আনুষ্ঠানিক আলোচনায় ফিরতে পারেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন