প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ একটি দুই সদস্যের কমিটি গঠন করেছে।
রোববার (৪ অক্টোবর) ছাত্রদলের প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল এবং মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে দুই (২) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ঘটে।
গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
অন্যদিকে হামলাকারীদের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী এই হামলায় অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন